মনপুরায় বসতঘরে হামলা, গর্ভবতীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ
ভোলার মনপুরা উপজেলার চরকলাতলী ইউনিয়নে বসতঘরে ঢুকে হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাকিল মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর চরকলাতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গত ৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আগের রাতে একটি হাঁস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়।
পরদিন সকালে মো. শাকিলের স্বজন আব্দুর রহিম মাছ ধরতে গেলে অভিযুক্ত রাকিব ও সোহেল তাকে ধাওয়া করে বলে অভিযোগ করা হয়েছে। প্রাণভয়ে তিনি শাকিলের বাড়িতে আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে প্রবেশ করে তাকে মারধর শুরু করেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শাকিলের স্ত্রী লিমা বেগমকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে সাত মাসের অন্তঃসত্ত্বা ফাহিমাকেও মারধর করা হয়। এতে তার পেটে গুরুতর আঘাত লাগে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। আহতদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া হামলার সময় শাকিলের ঘরে ব্যবসার কাজে রাখা ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার সময় শাকিল বাজারে নিজ কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে এসে আহতদের হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রাকিবের বাবা কালাম বেপারী অভিযোগ স্বীকার করে বলেন, “আমার বাসা থেকে আব্দুর রহিম পাঁচটি হাঁস চুরি করে। পরে আমি বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে সে হাঁসগুলো ফেলে দিয়ে চলে যায়। পরদিন সকালে আমি হাঁসগুলো নিয়ে দোকানের কাছে যাই। সেখান থেকে ফিরে এসে শুনি, আমার ছেলে রাকিব ওই বাড়িতে গিয়ে মারামারি করেছে। তবে আমার ছেলে যা করেছে, তা অন্যায় করেছে।”
এ বিষয়ে কলাতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিন মেম্বার বলেন, “বিষয়টি আমাকে শামসুদ্দিন মোল্লা জানিয়েছেন। আমি উভয় পক্ষকে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বলেছি।”
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ