বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার
গোপালগঞ্জ শহরের অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ জামিল শেখ (৪০)। জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী হলেও জীবনের কোনো প্রতিকূলতাই তাকে দমাতে পারেনি। কথা বলতে না পারার শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে নিজের পরিশ্রম, সততা ও আত্মমর্যাদার মাধ্যমে তিনি সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ ৩০ বছর ধরে সততার সাথে পত্রিকা বিক্রি করে তিনি শুধু নিজের জীবিকাই নির্বাহ করছেন না, পরম মমতায় আগলে রেখেছেন পরিবার ও অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব।
গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা জামিল শেখ চার ভাইবোনের মধ্যে তৃতীয়। জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী হওয়ায় শৈশবে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ফলে মাত্র ১০ বছর বয়সেই অভাবের সংসারে জীবিকার সন্ধানে পত্রিকা বিক্রির কাজ বেছে নেন। এরপর থেকে দীর্ঘ তিন দশক ধরে প্রতিদিন ভোরে কাঁধে পত্রিকার ভারী ব্যাগ নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন তিনি। পুলিশ লাইনস, লঞ্চঘাট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, দোকান ও বাসাবাড়িতে প্রতিদিন তার নিরলস পদচারণা। রোদ, বৃষ্টি, কুয়াশা কিংবা প্রচণ্ড গরম—কোনো প্রতিকূল আবহাওয়াই তার এই নিত্যদিনের রুটিনকে দমিয়ে রাখতে পারেনি। বাকশক্তি না থাকলেও মানুষের ইশারা ও চাহিদা সহজেই বুঝে নেন জামিল। ক্রেতারা যে পত্রিকার নাম চান, মুহূর্তেই নিখুঁতভাবে সেটি বের করে দেন এবং বেচাবিক্রির হিসাব-নিকাশেও তার নির্ভুলতার সুনাম রয়েছে পুরো শহরজুড়ে।
তবে সময়ের বিবর্তনে অনলাইন সংবাদমাধ্যমের জনপ্রিয়তা বাড়ায় ছাপা পত্রিকার চাহিদা অনেক কমে গেছে। ফলে আগের তুলনায় জামিলের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবুও তিনি কখনো ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নেননি, বরং নিজের শ্রমের ওপর ভরসা রেখেই জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের (এজেন্সি) মালিক খালিদ হোসেন জানান, জামিল তিন দশক ধরে নিয়মিত তার প্রতিষ্ঠান থেকে পত্রিকা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। সততা, দায়িত্ববোধ ও কঠোর পরিশ্রমের জন্য তিনি সবার কাছে সমানভাবে সমাদৃত। দীর্ঘ এই কর্মজীবনে হিসাব-নিকাশে কোনোদিন সামান্যতম অনিয়ম বা অসততার অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে।
এদিকে পরিবারের দাবি, একসময় জামিল সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেলেও পরবর্তীতে অজ্ঞাত কারণে সেটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে সংসার চালানো এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগানো তার জন্য আরও কঠিন হয়ে পড়েছে। জামিলের মা শিরিয়া বেগম জানান, আগে তার ছেলে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেতেন। তবে ঠিক কী কারণে সেই সরকারি সুবিধা বন্ধ হয়ে গেল, তা তাদের জানা নেই। বর্তমানে জামিলের পত্রিকা বিক্রির সামান্য আয়ই তাদের পরিবারের একমাত্র ভরসা।
ভাতা বন্ধ হওয়ার বিষয়ে গোপালগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার বলেন, “সরকার পরিবর্তনের পর প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা থেকে কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়নি এবং সামগ্রিক ভাতা কার্যক্রমও বন্ধ হয়নি। জামিল বা তার পরিবারের সদস্যরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে আমরা ডাটাবেজ ও রেকর্ড যাচাই করে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখব। প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা অনুযায়ী তার ভাতা পুনর্বহালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রেসক্লাব গোপালগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ জানান, ছোটবেলা থেকেই জামিলকে নিজের পরিশ্রমের মাধ্যমে জীবনযুদ্ধ চালিয়ে যেতে দেখা গেছে। তিনি কখনো কারও কাছে সাহায্যের জন্য হাত পাতেননি। বর্তমানে পত্রিকার বিক্রি কমে যাওয়ায় তার আয় কমেছে, ফলে সংসার চালাতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে। প্রতিকূলতাকে হার মানিয়ে নিজের শ্রম ও আত্মসম্মানকে পুঁজি করে এগিয়ে চলা জামিল শেখ আজ শুধু একজন সাধারণ পত্রিকা বিক্রেতা নন; তিনি অধ্যবসায়, সততা এবং আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ। বর্তমান সমাজের এই বিশেষ মানুষটি তাঁর সততা ও ভালোবাসা দিয়ে গোপালগঞ্জবাসীর মনিকোঠায় স্থান করে নিয়েছেন। এই পরিশ্রমী ও আত্মমর্যাদাশীল মানুষের পাশে দাঁড়াতে সমাজ ও রাষ্ট্রের সুনির্দিষ্ট সহযোগিতা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬