তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
একসময় শীতপ্রধান জেলা হিসেবে পরিচিত কুড়িগ্রাম এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। উত্তরের সীমান্তবর্তী এ জেলায় গ্রীষ্ম মৌসুমে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, খরা ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চলমান তীব্র দাবদাহে একদিকে যেমন জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে তেমনি ঘরে ঘরে বাড়ছে গরমজনিত নানা ধরনের রোগব্যাধি। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, মাঠপর্যায়ের কৃষক, দিনমজুর শ্রমিক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র গরমের কারণে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকগুলোতে রোগীর চাপ আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া, পানিশূন্যতা, হিট স্ট্রোক, চর্মরোগ, শ্বাসকষ্ট এবং অতিরিক্ত গরমে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, “প্রচণ্ড গরমে মাঠে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ি। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করেন।” রাজারহাট উপজেলার ওমর মজিদ গ্রামের বাসিন্দা দিনেশ চন্দ্র বর্মন জানান, অতিরিক্ত গরমের কারণে হঠাৎ তাঁর তীব্র ডায়রিয়া শুরু হয়। বাড়িতে স্যালাইন খেয়েও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, “তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের শরীরের স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ে। অতিরিক্ত ঘাম, বিশুদ্ধ পানির সংকট এবং তীব্র গরমে খাদ্যদূষণের কারণে বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।” চিকিৎসকদের মতে, এই তীব্র গরমে সুস্থ থাকতে প্রাপ্তবয়স্কদের দিনে কমপক্ষে ৩ লিটার ও বাচ্চাদের ক্ষেত্রে ১.৫-২ লিটার নিরাপদ পানি পান করা উচিত। দিনে তিনবারের বেশি পাতলা পায়খানা হলে দ্রুত খাবার স্যালাইন খাওয়ানো এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় রোদে কাজ করা থেকে বিরত থাকতে হবে। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, মাথা ঘোরা, বমি বমি ভাব, দ্রুত হৃদস্পন্দন, অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা কিংবা বিভ্রান্তিকর আচরণ দেখা দিলে দ্রুত রোগীকে ছায়াযুক্ত স্থানে নিয়ে শরীর ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। পাশাপাশি চর্মরোগের ঝুঁকি কমাতে অতিরিক্ত ঘাম ও অপরিচ্ছন্ন পরিবেশ এড়িয়ে চলতে হবে। হাঁপানি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি রোগীদের জন্যও এই আবহাওয়া বাড়তি ঝুঁকি তৈরি করছে। কয়েকদিন ধরে টানা জ্বরের সঙ্গে মাথাব্যথা বা শরীরব্যথা থাকলে তা ডেঙ্গু, চিকেনগুনিয়া ও টাইফয়েডের লক্ষণ হতে পারে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের শরীরে খুব দ্রুত পানিশূন্যতা দেখা দেয়। ফলে ডায়রিয়া, জ্বর, হিট র্যাশ, শ্বাসকষ্ট এবং ঘামাচির ঝুঁকি তাদের মধ্যে বেশি থাকে। স্কুলগামী শিশু ও কিশোর-কিশোরীরা দীর্ঘ সময় বাইরে থাকার কারণে হিট এক্সহসশন ও পানিশূন্যতায় আক্রান্ত হতে পারে। তাই শিশুদের পর্যাপ্ত পানি পান করানো এবং রোদে দীর্ঘ সময় অবস্থান না করার বিষয়ে সচেতন থাকতে হবে। বয়স্কদেরও তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাওয়ায় পর্যাপ্ত পানি ও তরল খাবার নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে পারে। তাই শুধু চিকিৎসা সেবার ওপর নির্ভর না করে জনসচেতনতা বৃদ্ধি, পর্যাপ্ত বৃক্ষরোপণ, নিরাপদ পানির ব্যবস্থা এবং শিশু ও বয়স্কদের জন্য বিশেষ সুরক্ষা নিশ্চিত করতে হবে। কুড়িগ্রামের নদীবেষ্টিত প্রত্যন্ত এলাকা ও চরাঞ্চলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এবং এসওএস-এর সহযোগিতায় মাঠপর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব: এমপি হাবীবা
মইজ্জ্যারটেক ট্রাফিক বক্সে ‘টোকেন সিন্ডিকেট’! অবৈধ অর্থ বাণিজ্যে মেতেছে টিআই আবু সাঈয়েদ বাকার!
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান
নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির
কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু
ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
২ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ