ধামরাইয়ে গ্যাস সংকট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ঢাকার ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের আশ্বাসে কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ কর্মসূচি শুরু হয়। বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন ঘটনাস্থলে এসে গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
অবরোধকারীদের অভিযোগ, গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকেরা প্রায় দুই বছর ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না। ফলে বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, কাঠসহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে।
স্থানীয় গ্রাহকদের দেওয়া লিখিত আবেদনে অভিযোগ করা হয়, কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে গ্যাস সরবরাহ করা হলেও পর্যাপ্ত চাপ না থাকায় আবাসিক এলাকায় সংকট তৈরি হয়েছে। এছাড়া ডিআরএসের পূর্ব পাশে একটি রি-রোলিং মিল ও বিসিক শিল্পনগরীসংলগ্ন একটি সিরামিক কারখানা অবৈধভাবে বুস্টার ব্যবহার করে অতিরিক্ত গ্যাস টেনে নেওয়ায় এই সংকট আরও বেড়েছে বলে দাবি করেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা আবাসিক লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত গ্যাস বিল মওকুফ এবং ব্যবহারভিত্তিক বিল আদায়ের জন্য গ্যাসের মিটার স্থাপনের দাবি জানান।
অবরোধে অংশ নেওয়া গৃহবধূ সুলতানা বেগম বলেন, “সকালে ঠিকমতো রান্না করতে পারিনি। আমাদের একটাই দাবি, বাসায় পর্যাপ্ত গ্যাস দিতে হবে। আর যত দিন গ্যাস পাইনি, তত দিনের বিল মওকুফ করতে হবে।”
শাহানা আক্তার বলেন, “আমার ছেলে স্কুলে পড়ে, স্বামী চাকরি করেন। সকালে রান্না করতে না পারায় সবাই না খেয়েই বের হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।”
অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ধামরাই থানা পুলিশ ও গোলড়া হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’