ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা


বেলাল উদ্দিন photo বেলাল উদ্দিন
প্রকাশিত: ৭-৭-২০২৬ বিকাল ৬:১৯
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন অনিয়ম, নাগরিক সেবায় দীর্ঘসূত্রতা, অবৈধ মাটি কাটা, সরকারি নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতা এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগ নিয়ে দৈনিক সকালের সময়-এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুরো উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
 
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা পৃথক অফিস আদেশে ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল মাহমুদকে লোহাগাড়া থেকে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং একই কার্যালয়ের আরেক কর্মকর্তাকেও অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়। যদিও অফিস আদেশে বদলির কারণ উল্লেখ করা হয়নি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
 
এর আগে দৈনিক সকালের সময়-এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে লোহাগাড়া উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, সরকারি অফিস সকাল ৯টায় শুরু হলেও অধিকাংশ দিন ইউএনওকে দুপুরের আগে কার্যালয়ে পাওয়া যেত না। ফলে ভূমি, প্রশাসনিক অনুমোদন, প্রত্যয়নপত্র, অভিযোগ নিষ্পত্তিসহ নানা নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো।
 
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতভর অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটা, পাহাড় ও টিলা ধ্বংস, ডাম্প ট্রাকে মাটি পরিবহন এবং লাইসেন্সবিহীন ইটভাটায় সেই মাটি সরবরাহের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর অভিযান ছিল না। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল।
 
প্রকাশিত প্রতিবেদনে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল মাহমুদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছিল। স্থানীয়দের দাবি ছিল, নির্ধারিত সময়ের বাইরে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া এবং অবৈধ মাটি কাটা ও অন্যান্য কর্মকাণ্ডে জড়িতদের কাছ থেকে মাসোহারা আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। যদিও এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দিলে অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা তা জেনে যেতেন। ফলে অধিকাংশ অভিযান কার্যকর হওয়ার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করতেন বা প্রমাণ সরিয়ে ফেলতেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশাসনের অভ্যন্তরে তথ্য ফাঁসের অভিযোগও ব্যাপকভাবে আলোচিত হয়।
 
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাত্র দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বদলির আদেশ জারি হওয়ায় স্থানীয়দের অনেকেই এটিকে প্রশাসনিক জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে জেলা প্রশাসনের অফিস আদেশে বদলির কারণ উল্লেখ না থাকায় এ বিষয়ে নানা প্রশ্নও তৈরি হয়েছে।
 
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, শুধু বদলি করলেই দায়িত্ব শেষ হবে না। প্রতিবেদনে উত্থাপিত নাগরিক সেবায় অনিয়ম, পরিবেশ ধ্বংস, অবৈধ মাটি কাটা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লোহাগাড়ায় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
 
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী