ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে সরকারি ঔষধ পেল না রোগী, স্টোরে পড়ে থেকে শেষ হলো মেয়াদ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ৩:৩৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেককেই প্রয়োজনীয় সরকারি ঔষধ নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ একই হাসপাতালের স্টোরে বছরের পর বছর সরকারি ঔষধ পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে। 

সরেজমিনে অনুসন্ধানে স্টোরে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, বিষয়টি ধরা পড়ার পর সেগুলো আড়াল করারও চেষ্টা করা হয়।

সম্প্রতি হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে হাসপাতালের স্টোর রুমে সরকারের বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা বিপুল পরিমাণ ঔষধ মজুদ দেখা যায়। এসবের মধ্যে মেয়াদোত্তীর্ণ কয়েকটি ঔষধও পাওয়া যায়। এর মধ্যে পভিডোনের মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বর ২০২৫, ডাব্লিউএফএল ৫ এমএল নামের একটি ঔষধের মেয়াদ শেষ হয়েছে ফেব্রুয়ারি ২০২৪ এবং জেড লিডোকেন ইনজেকশনের মেয়াদ শেষ হয়েছে ২৬ মার্চ ২০২৬। এছাড়া আরও কয়েকটি মেয়াদোত্তীর্ণ ঔষধ স্টোরে সংরক্ষিত ছিল বলে দেখা যায়।

অভিযোগ রয়েছে, রোগীদের মধ্যে সময়মতো বিতরণ না করে স্টোরে ফেলে রাখা বিপুল পরিমাণ সরকারি ঔষধ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর গত জুন মাসে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এসব ঔষধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা হলে একদিকে সাধারণ মানুষ উপকৃত হতেন, অন্যদিকে বিপুল পরিমাণ সরকারি ঔষধ নষ্ট হওয়ারও আশঙ্কা থাকত না।

স্টোর পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার মো. ইসমাইল হোসেন প্রথমে দাবি করেন, স্টোরে কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ নেই। কিন্তু স্টোরে সংরক্ষিত ঔষধ যাচাইয়ের সময় মেয়াদোত্তীর্ণ ঔষধের বাক্স শনাক্ত হলে তিনি সেগুলো স্টোর থেকে সরিয়ে অপারেশন থিয়েটার (ওটি) কক্ষসংলগ্ন ওয়াশরুমে নিয়ে রাখেন। পরে বিষয়টি সামনে এলে তিনি বলেন, “মেয়াদোত্তীর্ণ ঔষধ স্টোরে থাকার কথা নয়। আমার ভুল হয়েছে। এজন্য আমি ক্ষমা চাই।” একই সঙ্গে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্যও অনুরোধ জানান।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোছা. মজিরন বেগম, আয়েশা খাতুনসহ একাধিক রোগী ও তাঁদের স্বজনরা বলেন, চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে ঔষধ বিতরণ কেন্দ্রে গেলে প্রায়ই প্রয়োজনীয় ঔষধ নেই বলে জানানো হয়। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে ঔষধ কিনতে হচ্ছে। অথচ হাসপাতালের স্টোরে সরকারি ঔষধ পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি তাঁদের হতবাক করেছে।

মোছা. মজিরন বেগম বলেন, “গরিব মানুষ সরকারি হাসপাতালে বিনা মূল্যে ঔষধ পাওয়ার আশায় আসে। কিন্তু ঔষধ না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে। পরে যদি দেখি হাসপাতালের স্টোরেই ঔষধ পড়ে থেকে মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে আমাদের কষ্টের দায় কে নেবে?”

আরেক রোগীর স্বজন বলেন, “ঔষধ নেই বলে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই ঔষধই যদি স্টোরে পড়ে থেকে নষ্ট হয়, তাহলে এটা শুধু অব্যবস্থাপনা নয়, জনগণের সঙ্গে অবিচার।”

হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের ভাষ্য অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ঔষধ নির্ধারিত প্রক্রিয়ায় তালিকাভুক্ত করে ধ্বংস করার বিধান রয়েছে। তবে স্টোরে থাকা মেয়াদোত্তীর্ণ ঔষধ কেন এখনো ধ্বংস করা হয়নি, সে বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবাইদুল ইসলাম বলেন, “হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকতেই পারে, এটা দোষের কিছু নয়।” তবে স্টোরে মেয়াদোত্তীর্ণ ঔষধ দীর্ঘদিন ধরে কেন সংরক্ষিত রয়েছে এবং কেন ধ্বংস করা হয়নি—এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব তিনি দেননি।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, সরকারি ঔষধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিধি অনুযায়ী অপসারণ করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। অন্যথায় একদিকে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়, অন্যদিকে বিনামূল্যের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি বা অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে যাতে ভবিষ্যতে রোগীদের প্রয়োজনীয় ঔষধের জন্য বাইরে ছুটতে না হয়, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন