নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একই রাতে তিনটি পরিবারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে ৮ থেকে ১০ সদস্যের একটি অস্ত্রধারী ডাকাত দল পৃথক তিনটি বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে নগদ চার লাখ টাকার বেশি অর্থ, প্রায় ১১ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা চলে যাওয়ার সময় মামলা না করার হুমকিও দিয়ে যায়।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের অহংকারকাঠী (অলংকারকাঠী) গ্রামে তপু কাজী ও লিটু কাজীর বাড়ি এবং স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর ও জগন্নাথকাঠী বন্দরের সাবেক সভাপতি আব্দুস সালামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে ডাকাত দল স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালামের বাড়িতে হানা দেয়। বাড়ির সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা পরিবারের নারী সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা ও আনুমানিক আট ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
এরপর একই দল সদর ইউনিয়নের অহংকারকাঠী গ্রামের তপু কাজীর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাদের মারধর করা হয় এবং শিশু সন্তানদের হত্যার হুমকি দিয়ে নগদ প্রায় তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করা হয়। পরে পাশের বাড়িতে থাকা তার ভাই লিটু কাজীর বাড়িতেও ডাকাতি চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী তপু কাজী বলেন, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ডাকাতরা পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। শিশু সন্তানদের হত্যার হুমকি দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় এ ঘটনায় মামলা না করার জন্যও হুমকি দিয়ে যায়।
আব্দুস সালামের জামাতা মো. রাসেল জানান, ডাকাতরা বাড়িতে ঢুকে তার শাশুড়ি, স্ত্রী ও শ্যালিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ডাকাতরা লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করেছে। এতে কয়েকজন আহত হন।
ঘটনার খবর পেয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর এ ধরনের সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। একই রাতে পরপর তিনটি পরিবারকে টার্গেট করে ডাকাতির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
Aminur / Aminur
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস