ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৬ রাত ৮:৫

মাত্র ২ হাজার টাকা, একটি সাধারণ স্মার্টফোন আর মায়ের অটুট বিশ্বাস—এই তিনটুকুই ছিল তাঁর সম্বল। সেই ছোট্ট শুরু আজ শতাধিক গ্রামীণ নারীর মুখে হাসি ফোটানোর এক অনন্য অনুপ্রেরণার গল্পে পরিণত হয়েছে। যে তরুণী একসময় নিজের স্বপ্নের পথ খুঁজছিলেন, আজ তিনিই অন্য নারীদের স্বপ্ন দেখার সাহস ও স্বাবলম্বী হওয়ার পথ জোগাচ্ছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা গ্রামের মোছা. লুৎফন নেসা পপি, যিনি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘শপিং ড্রেস অনলাইন’ (Shopping Dress Online) ও ‘চাঁপাই ম্যাংগো ভ্যালি’-এর সফল প্রতিষ্ঠাতা।

২০২১ সালের করোনা মহামারির অবরুদ্ধ সময়ে যখন চারদিকে চরম অনিশ্চয়তা, তখন ঘরে বসেই নতুন কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেন পপি। একদিন অনলাইনে পোশাক কেনার পর তাঁর মা তাঁকে উদ্বুদ্ধ করে বলেন, “তুমিও তো এমন ব্যবসা করতে পারো।” মায়ের সেই কথার সঙ্গে পপির হাতে পুঁজি হিসেবে তুলে দেওয়া হয় মাত্র ২ হাজার টাকা। হয়তো তখন কেউ ভাবেনি, এই সামান্য অর্থই একদিন বহু নারীর জীবনে আশার আলো হয়ে উঠবে। শুরুতে কোথা থেকে পণ্য আনবেন কিংবা কীভাবে ব্যবসা পরিচালনা করবেন—তার কিছুই জানা ছিল না পপির। তবুও ভয়কে জয় করে একজনের সহায়তায় ফেসবুকে ‘Shopping Dress Online’ নামে একটি পেজ খোলেন। পরবর্তীতে একজন নারী উদ্যোক্তার কাছ থেকে মাত্র তিনটি শাড়ি কিনে ছবি পোস্ট করার পর অল্প সময়ের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায়। সেই মুহূর্তেই পপির মনে জন্ম নেয় নতুন আত্মবিশ্বাস।

তবে সাফল্যের এই পথ মোটেও মসৃণ ছিল না, ছিল অসংখ্য সামাজিক কাঁটা। গ্রামের রক্ষণশীল সমাজ ও আত্মীয়-স্বজনের কটূক্তি এবং “মেয়েদের ঘরেই মানায়”—এমন নেতিবাচক কথাও প্রতিনিয়ত শুনতে হয়েছে তাঁকে। অনেকেই নিরুৎসাহিত করেছেন, আবার কেউ কেউ ব্যর্থ হওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু পপি থমকে যাননি। প্রতিটি কষ্টকে শক্তিতে এবং প্রতিটি বাধাকে নতুন পথচলার প্রেরণায় পরিণত করেছেন। পরবর্তীতে ‘উই’ (Women and e-Commerce Trust - WE)-এর সঙ্গে যুক্ত হয়ে তিনি ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা হওয়ার নানা বাস্তবমুখী দক্ষতা অর্জন করেন। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা ও আইসিটি বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তাঁর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে।

পোশাকের ব্যবসায় অভাবনীয় সাফল্যের পর ২০২৩ সালের ২৪ মে যাত্রা শুরু করে তাঁর দ্বিতীয় প্রতিষ্ঠান ‘চাঁপাই ম্যাংগো ভ্যালি’। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খিরসাপাত আম দিয়ে শুরু হলেও পরবর্তীতে এতে যুক্ত হয় আমসত্ত্ব, আমের আচার, কুমড়ো বড়ি, আটার নাড়ুসহ জেলার ঐতিহ্যবাহী নানা দেশীয় পণ্য। বর্তমানে দেশের বিভিন্ন জেলা ছাড়িয়ে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কাছেও অত্যন্ত সুনামের সাথে পৌঁছে যাচ্ছে তাঁর এসব পণ্য। নিজের বাড়িতেই ইতোমধ্যে গড়ে তুলেছেন একটি সুদৃশ্য শোরুম। বর্তমানে তাঁর মাসিক আয় ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়, যা দিয়ে তিনি নিজের পরিবার পরিচালনার পাশাপাশি কর্মীদের সহযোগিতা করেন এবং অসহায় মানুষের পাশেও দাঁড়ান।

বর্তমানে পপির এই উদ্যোগে প্রায় ১০ জন স্থায়ী এবং প্রায় ১০০ জন খণ্ডকালীন গ্রামীণ নারী কাজ করছেন। অনেক নারী এখন ঘরে বসেই সম্মানজনক আয় করছেন, সন্তানদের পড়াশোনার খরচ চালাচ্ছেন এবং পরিবারের আর্থিক হাল ধরছেন। একসময় যে নারী নিজের স্বপ্ন নিয়ে একাকী লড়েছেন, আজ তিনি অন্য নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন। লুৎফন নেসা পপি বলেন, “একজন নারী যখন নিজের পায়ে দাঁড়ান, তখন শুধু তাঁর জীবন নয়, বদলে যায় একটি পুরো পরিবারের ভবিষ্যৎ। তাই আমি চাই, আমাদের গ্রামীণ অঞ্চলের আরও বেশি নারী উদ্যোক্তা হয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করুন।” ভবিষ্যতে ‘Shopping Dress Online’ ও ‘চাঁপাই ম্যাংগো ভ্যালি’-কে আন্তর্জাতিক মানের স্বনামধন্য বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই সফল নারী উদ্যোক্তা।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক