ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ১ হাজার ৮০০ মিটার এলাকা
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন আবারও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে নদীতীরবর্তী জনপদে। গত প্রায় দুই সপ্তাহে শহড়াবাড়ি ও বানিয়াজান স্পারের মধ্যবর্তী অংশের প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বর্তমানে আরও প্রায় ১ হাজার ৮০০ মিটার তীররক্ষা এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা শুরু হওয়ার পর থেকেই যমুনার স্রোত বেড়ে যাওয়ায় শহড়াবাড়ি স্পারের উজান অংশে ভাঙন দ্রুত বিস্তার লাভ করে। প্রতিদিনই নদী নতুন নতুন এলাকা গ্রাস করছে। পরিস্থিতি মোকাবিলায় পাউবো ক্ষতিগ্রস্ত স্থানে বালুভর্তি জিওব্যাগ, জিও টিউব ও জিও টেক্সটাইল ব্যাগ ফেলে জরুরি প্রতিরোধমূলক কাজ চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নদীর প্রবল স্রোতের চাপে তীররক্ষা কাঠামোর বিভিন্ন স্থানে ক্ষয় দেখা দিয়েছে। এতে নদীর পশ্চিম তীরের বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বসতবাড়ি এবং বিস্তীর্ণ ফসলি জমি বড় ধরনের ঝুঁকিতে পড়বে।
এলাকাবাসীর অভিযোগ, নদীর তীরসংলগ্ন এলাকায় অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে যমুনার স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়েছে। এতে স্রোতের চাপ নির্দিষ্ট স্থানে বেড়ে গিয়ে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তাদের দাবি, প্রতি বছর ভাঙন শুরু হওয়ার পর জরুরি ব্যবস্থা নেওয়া হলেও শুষ্ক মৌসুমে স্থায়ী নদীশাসনের উদ্যোগ না থাকায় একই সংকট বারবার ফিরে আসছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান দৈনিক সকালের সময় কে জানান , শহড়াবাড়ি স্পারের উজানে ভাঙন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জিও টিউব ও জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশ সুরক্ষার চেষ্টা চলছে। পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি এবং এলাকা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির জানান, এ পর্যন্ত প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ৮০০ মিটার এলাকা এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে। দ্রুত প্রতিরোধমূলক কাজ সম্পন্ন না হলে তীররক্ষা কাঠামো ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়তে পারে।
এরই মধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন এবং দীর্ঘমেয়াদি নদীভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।
পাউবোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে একই এলাকায় প্রথম দফায় বড় ধরনের ভাঙন দেখা দেয়। সে সময় শহড়াবাড়ি ঘাটের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়। পরে ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে এলেও প্রায় ১৪ দিন আগে আবারও নতুন করে শুরু হয়েছে নদীভাঙন।
এ ছাড়া অতীতের বিভিন্ন সময়ে ভান্ডারবাড়ি ইউনিয়নের বৈশাখী চর, রাঁধানগর, বথুয়ারভিটা, নিউ সারিয়াকান্দি, আটারচর, পুকুরিয়া, ভুতবাড়ি ও কৈয়াগাড়িসহ একাধিক গ্রাম যমুনার ভাঙনের শিকার হয়েছে। এতে হাজারো পরিবার তাদের বসতভিটা ও আবাদি জমি হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, বালু উত্তোলনের অভিযোগের বিষয়ে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় মেরামত ও প্রতিরোধমূলক কার্যক্রমও চলমান রয়েছে।
নদীপাড়ের মানুষের দাবি, প্রতিবছর জরুরি ব্যবস্থা নয়, যমুনার ভয়াবহ ভাঙন রোধে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হোক। অন্যথায় প্রতি বর্ষাতেই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা থেকে যাবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied