ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১০:৩৪

এক পা দূরে ছিল বিশ্বকাপের ফাইনাল। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই সব হিসাব পাল্টে দেয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

শেষ মুহূর্তের দুই গোলে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন হৃদয়ভাঙা পরাজয়ের পর হতাশা লুকাতে পারেননি ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।

ম্যাচ শেষে বার্ন বলেন, ‘সত্যিই ভীষণ ভেঙে পড়েছি। এই ম্যাচের স্মৃতি আমাদের অনেক দিন তাড়িয়ে বেড়াবে।’

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল থ্রি লায়ন্স। ৮২ মিনিটে রিস জেমসের বদলি হিসেবে মাঠে নামেন বার্ন। তখনও ইংল্যান্ডের সমর্থকেরা ফাইনালের স্বপ্নে বিভোর।

কিন্তু ম্যাচের শেষ কয়েক মিনিটে বদলে যায় সবকিছু। আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে আবারও মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেস হেডে জালের দেখা পেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

বার্নের মতে, ম্যাচের বেশির ভাগ সময় পরিকল্পনা অনুযায়ী খেললেও শেষ দিকে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিল ইংল্যান্ড। সেটাই কাল হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, ‘আমরা আমাদের ম্যাচ পরিকল্পনা বেশ ভালোভাবেই বাস্তবায়ন করেছিলাম। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা খুব রক্ষণাত্মক ও নিষ্ক্রিয় হয়ে পড়ি। প্রতিপক্ষকে অনেক বেশি ক্রস করার সুযোগ দিয়েছি। এত উচ্চমানের একটি দলের বিপক্ষে এমন সুযোগ দিলে তার মূল্য দিতেই হয়।’

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে খেলেছে। এক সেমিফাইনালে স্পেন ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। 

Parna / Parna

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত