অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের
রাজশাহী নগরীর একটি বেসরকারি জিমে সহকর্মী প্রশিক্ষক ও এক প্রশিক্ষণার্থীর মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে প্রতিবাদ করায় চাকরি হারানোর দাবি করেছেন এক নারী প্রশিক্ষক। তবে জিম কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে দাবি করেছে।
অভিযোগকারী নারী প্রশিক্ষকের নাম কানিজ ইসলাম (৪০)। তিনি রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার ‘মাসেল অ্যান্ড ফিটনেস জিম’-এ প্রায় দুই বছর ধরে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুজন শেখ।
কানিজ ইসলামের দাবি, গত কয়েক মাস ধরে জিমের পুরুষ প্রশিক্ষক স্বাগত ও ক্যামেলিয়া ওরফে টিনা নামে এক নারী প্রশিক্ষণার্থীর আচরণ ও চলাফেরা তার কাছে সন্দেহজনক মনে হয়। বিষয়টি নিয়ে তিনি প্রথমে সহকর্মী স্বাগতকে সতর্ক থাকার পরামর্শ দেন। পরে কয়েকজন প্রশিক্ষণার্থীও তাদের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য, বিষয়টি একপর্যায়ে সংশ্লিষ্ট প্রশিক্ষকের স্ত্রীর কাছেও পৌঁছে যায়। এরপর থেকেই তার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং কেন তিনি বিষয়টি অন্যদের জানিয়েছেন—এ নিয়ে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হয়।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি প্রতিষ্ঠান মালিককে জানালে তিনি প্রমাণ চান। তখন তিনি জানান যে তার কাছে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও বিষয়টি সম্পর্কে কয়েকজন প্রশিক্ষণার্থী বক্তব্য দিতে পারবেন। এরপর প্রতিষ্ঠান মালিক তাকে বলেন, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন ছিল না। পরবর্তীতে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ করেন কানিজ।
তার দাবি, "যারা অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা বহাল তবিয়তে কর্মস্থলে রয়েছেন, অথচ অভিযোগের বিষয়টি তুলে ধরায় আমাকে চাকরি হারাতে হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রশিক্ষণার্থীও দাবি করেন, সংশ্লিষ্ট প্রশিক্ষক ও এক প্রশিক্ষণার্থীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে জিমে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। তাদের ভাষ্য, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উল্টো অভিযোগকারী প্রশিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সুশাসন বিশ্লেষক সুব্রত কুমার পাল বলেন, "একটি প্রতিষ্ঠানের সুশাসনের অন্যতম শর্ত হলো সুস্পষ্ট নীতিমালা এবং তার নিরপেক্ষ প্রয়োগ। কর্মী নিয়োগ, মূল্যায়ন বা চাকরি অব্যাহত রাখা কিংবা সমাপ্ত করার সিদ্ধান্ত ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ভিত্তিতে নয়; বরং প্রতিষ্ঠানের লিখিত নীতিমালা, প্রযোজ্য আইন এবং ন্যায়সংগত প্রক্রিয়ার আলোকে হওয়া উচিত।
যদি কোনো প্রতিষ্ঠান নিবন্ধন বা আইনগত কাঠামোর বাইরে পরিচালিত হয় এবং মালিকপক্ষের একক সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে ওঠে, তাহলে কর্মীদের জন্য আইনি প্রতিকার সীমিত হতে পারে। কিন্তু আইনি সুযোগ সীমিত হলেও নৈতিক দায়বদ্ধতা কখনোই শেষ হয়ে যায় না। কর্মক্ষেত্রে ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন আচরণ একটি সভ্য সমাজের অপরিহার্য মূল্যবোধ।
শ্রম আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি প্রতিষ্ঠানগুলোকেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অন্যথায় কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, অবিচার এবং আস্থার সংকট তৈরি হবে, যার নেতিবাচক প্রভাব পুরো সমাজেই পড়বে।"
তবে এ বিষয়ে জিমের স্বত্বাধিকারী সুজন শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "প্রতিষ্ঠানের সিদ্ধান্ত সম্পূর্ণ পেশাগত বিবেচনায় নেওয়া হয়েছে। কারও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিষ্ঠানের কোনো অবস্থান নেই।" তিনি আরও বলেন, "চাকরি থেকে অব্যাহতি প্রতিষ্ঠানের স্বার্থেই দেওয়া হয়েছে। বিনা নোটিশে বাদ দেওয়ার বিষয়টি সত্যি নয়, তাকে এই মাসের ১২ তারিখে বলা হয়েছে যে আগামী মাস থেকে আর আসার দরকার নেই। তা ছাড়া তার সাথে আমাদের কোনো চুক্তিপত্র নেই, ট্রেইনার হিসেবে তাকে কোনো নিয়োগপত্রও দেওয়া হয়নি।" অন্যান্য কর্মীদের কোনো নিয়োগপত্র আছে কিনা—এমন প্রশ্নের জবাবে সুজন শেখ বলেন, "এটি একটি ক্লাব, এখানে কেউ চাকরি করে না। প্রশিক্ষক হিসেবে যারা কাজ করেন তারা পার্টটাইম কাজের জন্য পারিশ্রমিক পান।" অনৈতিক সম্পর্কের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানের বাইরে কার সাথে কার কী সম্পর্ক থাকবে সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে প্রতিষ্ঠান কোনো হস্তক্ষেপ করতে পারে না।
এমএসএম / এমএসএম
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন