প্রয়াত এমপি মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রয়াত চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো তিনি ছোট ভাই হিসেবে সম্পন্ন করার চেষ্টা করবেন। তাঁর ভাষায়, ‘মান্নান ভাইয়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে হবে।’
শনিবার (১৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের মান্নান ভাই আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর ছোট ভাই বেঁচে আছে। আমি যদি তাঁর রেখে যাওয়া কাজগুলো না করি, তাহলে নিজের বিবেকের কাছেই ঋণী হয়ে থাকব। তিনি যে স্বপ্ন দেখেছেন এবং যেসব কাজ অসমাপ্ত রেখে গেছেন, সেগুলো বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সিরাজগঞ্জের মানুষ এবং দেশের মানুষের সম্মান রক্ষা করতে পারি।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। এ কারণে তাঁকে সব সময় সতর্ক থাকতে হয়। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ যান্ত্রিক একটি খাত। প্রধানমন্ত্রী আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তাই সব সময় প্রস্তুত থাকতে হয়। কখন কোথায় কী পরিস্থিতি তৈরি হবে, তা আগে থেকে বলা যায় না।’
রায়গঞ্জের উন্নয়ন প্রসঙ্গে টুকু বলেন, সিরাজগঞ্জ থেকে পাঙ্গাসী সড়কের কাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশা করছেন। দেশে গ্যাসের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, আগের সরকার দীর্ঘ সময়েও নতুন গ্যাসক্ষেত্র উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ভবিষ্যতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেলে রায়গঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।
বর্তমান সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক এবং স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, রায়গঞ্জের উন্নয়নে যেকোনো প্রয়োজনে তাঁকে পাশে পাওয়া যাবে। উন্নয়নমূলক কাজের মধ্য দিয়েই আব্দুল মান্নান তালুকদারের স্মৃতির প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিদ মান্নান তালুকদার লেনিন প্রমুখ।
পরে আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড ও অবদানের স্মৃতিচারণ করা হয়। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত