ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নেছারাবাদে এনসিপির সমাবেশে জনঢল, রাষ্ট্র সংস্কারের হাসানাতসহ কেন্দ্রীয় নেতাদের আহ্বান


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৪:৪২
গণভোট বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং নতুন বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
 
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হন। কেন্দ্রীয় নেতাদের একনজর দেখতে এবং তাদের বক্তব্য শুনতে সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
 
নেছারাবাদ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা ডা. শামীম হামিদী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এনসিপির মনোনীত নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. বাকী বিল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
 
পথসভায় হাসানাত আব্দুল্লাহ বলেন, "নির্বাচনের আগে সরকার এক কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। ছয় মাসে ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হয়েছিল। আমরা সরকারের কাছে জানতে চাই, সেই ৯ লাখ কর্মসংস্থান কারা পেয়েছে? আপনারা কি কোনো কর্মসংস্থান পেয়েছেন? সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। বরং মাদক সহজলভ্য করে দিয়েছে। আজ গ্রাম থেকে শহর—সারা দেশে মাদকের বিস্তার ঘটেছে। এটি নিয়ন্ত্রণ করতে না পারলে এর দায় সরকারকেই নিতে হবে।"
 
তিনি বলেন, "ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও তা কমানোর উদ্যোগ নেওয়া হয়নি। এই সরকারের সময় গ্রামের মানুষ নিয়মিত বিদ্যুৎ পায় না। নেছারাবাদের মানুষ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে চাই। কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক মুক্তি, ধর্মীয় সম্প্রীতি এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।"
 
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের প্রতিনিধি হিসেবে বাকী বিল্লাহ ভাইকে আপনাদের কাছে রেখে গেলাম। তিনি আপনাদের সেবক হয়ে থাকবেন। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবে তিনি যদি কোনো ভুল বা অন্যায় করেন, তাহলে তাকে ছাড় দেবেন না। নেছারাবাদের মানুষই তার বিচার করবে। বাকী বিল্লাহ, আপনি নেছারাবাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে যাবেন এবং এনসিপির বার্তা পৌঁছে দেবেন।"
 
এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার তুষার বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মাত্র দুই বছর হয়েছে। এরই মধ্যে কেউ কেউ ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। মনে রাখতে হবে, জুলাই গণঅভ্যুত্থান কোনো শিলং থেকে হয়নি, কোনো লন্ডন থেকেও হয়নি। এই গণঅভ্যুত্থান এ বাংলার মাটি থেকেই ছাত্র-জনতার রক্ত, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সংঘটিত হয়েছে। গণঅভ্যুত্থানের পরই অনেকে শিলং ও লন্ডন থেকে দেশে ফিরে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। তাই আজ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের এই ইতিহাস কখনোই ভুলে যাওয়া উচিত নয়।"
 
কেন্দ্রীয় নেতা ডা. শামীম হামিদী বলেন, "নির্বাচনের আগে আমরা নেছারাবাদে এসে রাষ্ট্র সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চালিয়েছিলাম। নেছারাবাদের মানুষ সেই সংস্কারের পক্ষে রায় দিয়েছিলেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই আবারও এনসিপির কেন্দ্রীয় নেতারা আপনাদের মাঝে এসেছেন। নেছারাবাদের মানুষ আগের মতোই আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।"
 
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদ হাসান বলেন, "আমি এই এলাকাকে চিনি। আমি ছারছীনা মাদ্রাসায় পড়াশোনা করেছি। নেছার উদ্দিন (রহ.)-এর নামে এই উপজেলার নামকরণ হয়েছে। এটি একটি পুণ্যভূমি। এখানে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেবরা শায়িত আছেন। যুগ যুগ ধরে হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু এই শান্তি নষ্ট করেছিল সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার অনুসারীরা, এই শান্তি নষ্ট করেছিল সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম। আমরা নেছারাবাদের সেই সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে চাই। আজ তারা কোথায়? কোরআন ও হাদিস যদি সত্য হয়, তাহলে একদিন সব জালেমকেই পালিয়ে যেতে হবে।"
 
এনসিপির মনোনীত নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. বাকী বিল্লাহ বলেন, "এনসিপি একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, আর আমি চাই নতুনভাবে গড়ে উঠুক নেছারাবাদ। শত বছরের ঐতিহ্যবাহী এ উপজেলা ব্যবসা, শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে সমৃদ্ধ হলেও উন্নয়নের অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সরষে চাষ, মৎস্য, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও অবকাঠামোগত উন্নয়নে নেছারাবাদকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই। জনগণ সুযোগ দিলে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত নেছারাবাদ গড়ে তুলব।"
 
পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ছারছিনা দরবার শরীফে যান। সেখানে মরহুম পীর সাহেবদের মাজার জিয়ারত করেন। পরে ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন-এর দেওয়া নৈশভোজে অংশ নেন। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন