ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৬:৩৪

মধ্যরাতে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের জয়ের মুকুট জিতে নেওয়ার মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের সমাপ্তি হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় দেড় মাস ধরে চলমান ফুটবল প্রেমীদের উন্মাদনাও অনেকটা নিস্তেজ হওয়ার পথে। এতে বিশ্বকাপে দলগুলোকে কেন্দ্র করে যেসব ব্যবসায়ীরা ‘জার্সির পসরা’ সাজিয়েছিলেন, তাদের মুখের হাসিও ম্লান হতে দেরি হয়নি। সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে দলগুলোর বিশ্বকাপের জার্সি বেচা-বিক্রিতে। অবশ্য এরই মধ্যে ব্যবসায়ীরা পুরাতন কৌশল অবলম্বন করে দলীয় জার্সির বদলে বিভিন্ন ক্লাবের জার্সি বিক্রিতে গুরুত্ব বাড়িয়েছেন।

সোমবার (২০ জুলাই) দুপুর দুইটার দিকে রাজধানীর গুলিস্তানের জার্সি বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের ফুটপাতের সড়ক ধরে বায়তুল মোকাররাম মসজিদের প্রবেশদ্বার পর্যন্ত অন্তত দুই ডজন জার্সি বিক্রির দোকান বসেছে। এসব ব্যবসায়ীরা বছরজুড়ে অন্যান্য পোশাকের পাশাপাশি জার্সি বিক্রি করেন। তবে বিশ্বকাপ উপলক্ষ্যে অনেকেই দোকানের পুরো অংশ জুড়ে জার্সি সাজিয়ে রেখেছেন। অবশ্য প্রত্যেকটি দোকানেই এখন দলীয় জার্সি কমিয়ে ক্লাবের জার্সির সংখ্যা বাড়ানো হয়েছে। কেউ কেউ জার্সির পাশাপাশি অন্যান্য টি-শার্টও দোকানে ঝুলিয়েছেন।

ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে থেকে তারা প্রতিদিন সর্বনিম্ন ২০০ পিস থেকে উপরে ৫০০ পিস বা তারও বেশি জার্সি বিক্রি করেছেন। অথচ আজ সকাল থেকে দলীয় জার্সির বিক্রি নেই বললেই চলে। কোনো কোনো ব্যবসায়ী সকাল থেকে একটি জার্সিও বিক্রি করতে পারেননি। গতকাল পর্যন্ত তাদের ব্যবসা রমরমা ছিল। মধ্যরাত পর্যন্ত তারা জার্সি বিক্রি করেছেন।

মিন্টু ও রিঙ্কু দুই ভাই গুলিস্তানের ফুটপাতে জার্সির পসরা সাজিয়ে বসেছেন। তারা জানান, বিশ্বকাপ চলাকালীন সময়ে তাদের বিক্রি ভালো ছিল। প্রথম দিকে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সির চাহিদা সমানতালে সবচেয়ে বেশি ছিল। পাশাপাশি পর্তুগাল, স্পেন, ফ্রান্স ও জার্মানির কিছু জার্সিতেও চাহিদা ছিল। পরবর্তী সময়ে ব্রাজিলের হারের পর নরওয়ের জার্সি অনেকেই চেয়েছেন। কিন্তু, এই জার্সির পর্যাপ্ত সরবরাহ না থাকায় দিতে পারেননি। এখন যেহেতু স্পেন বিজয়ী হয়েছে এবং এই দলে মুসলিম তারকা খেলোয়াড় লামিনে ইয়ামাল রয়েছেন, সেহেতু ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি এই জার্সিটিতে চাহিদা থাকবে বলে মনে করেন তারা।

সোহাগ নামের আরেকজন জার্সি বিক্রেতা জানান, গুলিস্তানে তিনি অনেক বছর ধরে ব্যবসা করেন। তিনি বছরজুড়েই অন্যান্য পোশাকের পাশাপাশি জার্সি বিক্রি করেন। অন্যান্য আসরের তুলনায় এবার বিশ্বকাপে বেচাবিক্রি খুবই ভালো ছিল। তবে, ব্রাজিল যদি আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল পর্যন্ত খেলতে পারতো, তাহলে তাদের বেচাবিক্রি আরও কয়েকগুণ বাড়তো বলে তার ধারণা। আজ অবশ্য বেচাবিক্রি নেই বললেই চলে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মাত্র তিনটা জার্সি বিক্রি করতে পেরেছেন। এর মধ্যে দুইটাই ক্লাবের জার্সি বিক্রি করেছেন।

আরেকজন জার্সি বিক্রেতা জানান, আগামী কয়েকদিন ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের জার্সির চাহিদা থাকতে পারে। পাশাপাশি নামিদামি ক্লাবগুলোর জার্সিতে আগ্রহ বাড়বে। অনেকেই তাদের নিজ নিজ পছন্দের প্লেয়ার যেই ক্লাবে খেলেন, সেই ক্লাবের জার্সি সংগ্রহ করবেন। এই বিশ্বকাপ থেকে পছন্দের প্লেয়ারের তালিকা বড় হবে বলে ধারণা তার। অনেকেই মেসি, নেইমার, রোনালদো এবং এমবাপ্পের পাশাপাশি তাদের নতুন তারকা হিসেবে লামিনে ইয়ামালের মতো প্লেয়ারদের পছন্দের তালিকায় বেছে নিতে পারেন। এজন্য এর মধ্যেই বিভিন্ন ক্লাবের জার্সির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করছেন বলে জানান এই বিক্রেতা।

Parna / Parna

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ জুলাই ২০২৬

কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে ডিবিএর স্বাগত

এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর