আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
বর্ষা মৌসুমে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটকের আগমন ঘটছে। পর্যটকের ক্রমবর্ধমান চাপের মধ্যে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় জনজীবনের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে নেছারাবাদ উপজেলা প্রশাসন পর্যটকদের জন্য ৮ দফা নির্দেশনা জারি করেছে।
গত ২১ জুলাই ২০২৬ তারিখে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেছারাবাদ উপজেলা প্রশাসন জানিয়েছে, আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা। এ অঞ্চলের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পর্যটকদের অবশ্যই নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে।
নেছারাবাদ উপজেলা প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পেয়ারা বাগান এলাকায় কোনো ধরনের লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম বা উচ্চ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ শব্দ পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনজীবন ও বাগানের স্বাভাবিক পরিবেশের জন্য ক্ষতিকর।
এছাড়া নারী-পুরুষ নির্বিশেষে সকল পর্যটককে শালীনতা বজায় রেখে চলাফেরা করতে হবে। অনুমতি ছাড়া বাগানে প্রবেশ, পেয়ারা বা আমড়া সংগ্রহ, গাছের পাতা ছেঁড়া কিংবা কোনো ধরনের ক্ষতিসাধন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌযান নিয়ে বাগানে প্রবেশ করা যাবে না। এতে পানিপথে ঢেউ ও শব্দ সৃষ্টি হয়ে পরিবেশের ক্ষতি হয়। তবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ছোট নৌকা বা মাঝারি আকারের নৌযান ব্যবহারে উৎসাহিত করেছে নেছারাবাদ উপজেলা প্রশাসন।
পর্যটকদের ব্যবহৃত খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, পলিথিন, বোতলসহ যেকোনো ধরনের বর্জ্য খাল বা পানিতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেককে নিজ নিজ বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে।
নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক নৌযানে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নৌযানের ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। কারণ অতিরিক্ত যাত্রী বহন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
নেছারাবাদ উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, নির্দেশনাগুলো অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্ষা এলেই আটঘর-কুড়িয়ানা যেন রূপ নেয় এক অনন্য জলরাজ্যে। সবুজ পেয়ারা বাগানের মাঝ দিয়ে আঁকাবাঁকা খাল, সারি সারি নৌকা এবং প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত নৌকায় হাজারো দর্শনার্থী এখানে ভিড় করেন। ছুটির দিনগুলোতে পর্যটকের চাপ আরও বেড়ে যায়।
আটঘর-কুড়িয়ানা শুধু দেশের বৃহত্তম পেয়ারা উৎপাদন এলাকার একটি নয়, এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভাসমান পেয়ারা বাজারের জন্যও সুপরিচিত। বর্ষা মৌসুমে কৃষকেরা নৌকায় করে পেয়ারা, আমড়া, জলপাইসহ বিভিন্ন ফল নিয়ে খালের ওপর বসান ভাসমান হাট। একই সঙ্গে বসে ভাসমান সবজির বাজার, যেখানে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি কেনাবেচা হয়। পুরো বাজারটি পরিচালিত হয় নৌকার ওপর, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ।
স্থানীয়দের মতে, পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ, উচ্চ শব্দ, বর্জ্য ফেলা এবং অসচেতন আচরণের ঘটনাও বেড়েছে। এ কারণে নেছারাবাদ উপজেলা প্রশাসনের নেওয়া উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দাদের আশা, পর্যটকরা প্রশাসনের নির্দেশনা মেনে চললে আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য, ভাসমান পেয়ারা বাজার, ভাসমান সবজির হাট এবং এ অঞ্চলের ঐতিহ্য দীর্ঘদিন অক্ষুণ্ন থাকবে। একই সঙ্গে পর্যটনের বিকাশের মাধ্যমে স্থানীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
Aminur / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied