ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৬:৫৬

একসময় গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও যোগাযোগব্যবস্থা ছিল পুরোপুরি জলপথনির্ভর। বছরের অধিকাংশ সময় নৌকা, ডোঙ্গা কিংবা ভেলায় চড়েই চলাচল করতে হতো স্থানীয়দের। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের মতো মৌলিক কার্যক্রমেও ছিল নানা প্রতিবন্ধকতা। তবে গত কয়েক বছরে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়নের ফলে সেই চিত্রে এসেছে আমূল পরিবর্তন।

স্থানীয়দের মতে, সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য যোগাযোগ অবকাঠামো নির্মাণ এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করায় দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকাংশে দূর হয়েছে। বিশেষ করে বিলাঞ্চল ও প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলো এখন সারা বছর সড়কপথে যাতায়াতের সুযোগ পাচ্ছে। এলাকাবাসীর দাবি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের দায়িত্বকালীন সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি পায়। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর উন্নয়ন উদ্যোগ, জেলা প্রশাসনের সহযোগিতা এবং প্রকৌশলীদের সমন্বিত প্রচেষ্টায় জেলার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে তারা মনে করেন।

বর্তমানে যে সব এলাকায় একসময় বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল প্রায় অসম্ভব ছিল, সেখানে এখন ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। এতে কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হয়েছে, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বেড়েছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও মানুষের নাগালে এসেছে। স্থানীয়দের ভাষ্য, উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিত করা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকির ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী এহসানুল হক দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁর সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে বলেও তারা জানান।

এদিকে পদোন্নতির কারণে তিনি শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন—এমন খবরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্বে যে উন্নয়নের ভিত্তি তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও ধরে রাখা প্রয়োজন। বিদায়ের প্রাক্কালে এক বার্তায় নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক জনগণের প্রতি সরকারি অবকাঠামো সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সরকারি অর্থায়নে নির্মিত সড়ক, সেতু ও কালভার্ট শুধু অবকাঠামো নয়, এগুলো জনগণের সম্পদ। এসব রক্ষণাবেক্ষণে নাগরিকদের সচেতন অংশগ্রহণ জরুরি।” তিনি আরও বলেন, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল, সড়ক ক্ষতিগ্রস্ত করা, অনুমতি ছাড়া রাস্তা খনন, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট করা এবং অবৈধ স্থাপনা নির্মাণের কারণে উন্নয়ন প্রকল্পের স্থায়িত্ব কমে যায়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি কোথাও অবকাঠামোর ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করারও আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট মহলের মতে, গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তা সরকারের ধারাবাহিক উন্নয়ন নীতি, জনপ্রতিনিধিদের উদ্যোগ, প্রশাসনিক সহযোগিতা এবং প্রকৌশলীদের সমন্বিত প্রচেষ্টার ফল। তারা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে জেলার অবশিষ্ট অনুন্নত এলাকাগুলোও আধুনিক যোগাযোগ সুবিধার আওতায় আসবে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে। এতে উন্নয়নের সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে এবং বিলাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামীণ জনপদ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

এমএসএম / এমএসএম

ইতিহাস ও ঐতিহ্য ক্যামেরাবন্দি করে ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার

নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন

নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান

স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান

আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়

চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু