৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দেড় লক্ষাধিক মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম নৌপথ। কিন্তু মনপুরা-তজুমদ্দিন নৌরুটের একমাত্র যাত্রীবাহী সি-ট্রাকটি টানা সাত মাস ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দ্বীপবাসী। বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রলারে উত্তাল মেঘনা নদী পারাপার করছেন সাধারণ যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, যাত্রী পরিবহনের জন্য অনুমোদিত নয় এমন পণ্যবাহী ট্রলারেই গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। একই ট্রলারে মাছ, ধান, গরু-ছাগলসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছে। নেই বসার উপযুক্ত ব্যবস্থা, নেই ছাউনি, এমনকি নেই লাইফ জ্যাকেট বা অন্য কোনো জরুরি নিরাপত্তা সরঞ্জাম। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে প্রতিদিনই উত্তাল মেঘনার ঢেউ উপেক্ষা করে চলাচল করছে এসব ট্রলার।
এই অনিরাপদ যাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী, গর্ভবতী নারী, শিশু, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা সদর কিংবা বরিশালে যেতে হলেও তাদের একমাত্র ভরসা এখন ঝুঁকিপূর্ণ ট্রলার। ফলে প্রতিটি যাত্রাই পরিণত হয়েছে অনিশ্চয়তা ও আতঙ্কের আরেকটি নামে।
নিরাপদ নৌ-যোগাযোগের সংকট স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জেলেদের ধরা মাছ এবং কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় একদিকে যেমন পণ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন হাজারো জেলে, কৃষক ও ব্যবসায়ী।
স্থানীয়দের অভিযোগ, সি-ট্রাক বন্ধ থাকার সুযোগে ট্রলারচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী মেঘনা নদীর ডেঞ্জার জোনে সি-সার্ভে ছাড়া যাত্রী পরিবহন নিষিদ্ধ হলেও বাস্তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন মনপুরার মানুষ।
মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান বলেন, “টানা সাত মাস ধরে দ্বীপবাসী চরম দুর্ভোগে রয়েছেন। বিষয়টি একাধিকবার প্রশাসনের বিভিন্ন সভায় উপস্থাপন করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। আমরা দ্রুত নতুন একটি সি-ট্রাক চালুর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর উপ-বাণিজ্য ব্যবস্থাপক খন্দকার মুহাম্মদ তানভীর হোসেন বলেন, “যান্ত্রিক ত্রুটি ও ইজারা-সংক্রান্ত জটিলতার কারণে সি-ট্রাকটির চলাচল বন্ধ ছিল। জটিলতা নিরসনের পর দ্রুত সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”
তবে স্থানীয়দের প্রশ্ন কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই কি নিরাপদ যাত্রীবাহী সেবা চালু হবে, নাকি দুর্ঘটনার পরই নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?
দ্বীপাঞ্চলের মানুষের জন্য নিরাপদ নৌ-যোগাযোগ কোনো বিলাসিতা নয়; এটি তাদের মৌলিক অধিকার। তাই মনপুরার লক্ষাধিক মানুষের প্রাণের দাবি অনতিবিলম্বে যাত্রীবাহী সি-ট্রাক চালু করে নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌ-যোগাযোগ নিশ্চিত করা হোক।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ