শরণখোলা হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ১০১ শয্যায় উন্নীতকরণ ও দ্রুত জনবল সংকট সমাধানের আশ্বাস
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবার মান সরাসরি যাচাই করতে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২৫ জুলাই) দুপুরে তিনি হাসপাতালটিতে প্রবেশ করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিক হাসপাতালে প্রবেশ করেই মন্ত্রী সরাসরি চলে যান রান্নাঘরে। সেখানে তিনি রোগীদের জন্য প্রস্তুত করা দুপুরের খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিজে খেয়ে খাবারের স্বাদ যাচাই করেন। এরপর তিনি হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন সেন্টার, ডায়রিয়া ও হাম কক্ষসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় রোগীরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পাওয়ার বিষয়ে মন্ত্রীর কাছে অভিযোগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, এই গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে চিকিৎসক ও নার্সের তীব্র সংকট রয়েছে। এছাড়া পরিচ্ছন্নতাকর্মী আছেন মাত্র একজন, যার বয়স ৫৯ বছর। হাসপাতালের দুর্বল অবকাঠামো এবং অন্যান্য সংকটের বিষয়গুলোও মন্ত্রী গুরুত্বসহকারে শোনেন ও পর্যবেক্ষণ করেন। এসব অভিযোগ ও সংকট শুনে তিনি দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাসপাতালে চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীসহ জনবল সংকট আর থাকবে না।"
তিনি আরও বলেন, "স্বাস্থ্যখাতে বিদ্যমান এই সংকট নতুন নয়, এটি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের। আমরা মাত্র পাঁচ মাস হলো সরকার গঠন করেছি। এতো অল্প সময়ে ১৭ বছরের জমে থাকা সমস্যা সমাধান করা কঠিন। তবে দেশের সকল উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে শীঘ্রই দেশে আরও ৫০০ জন চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে।" বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এবং শরণখোলা থানার ওসি রোকেয়া খানম। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাবেক সভাপতি মতিয়ার রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শরণখোলা উপজেলার ইতিহাসে কোনো স্বাস্থ্যমন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শন এটিই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন