ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কর্মহীন মনপুরার তরুণরা: জীবিকার খোঁজে ছাড়ছেন প্রিয় দ্বীপ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ২:১৬

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। প্রায় দেড় লক্ষাধিক মানুষের এই জনপদে শিক্ষিত ও অশিক্ষিত উভয় শ্রেণির তরুণদের সবচেয়ে বড় সংকট এখন কর্মসংস্থান। পর্যাপ্ত শিল্পকারখানা, বেসরকারি বিনিয়োগ এবং বিকল্প আয়ের সুযোগ না থাকায় শত শত তরুণ বেকার জীবন কাটাচ্ছেন। অনেকেই জীবিকার সন্ধানে পরিবার-পরিজন রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, এমনকি বিদেশেও পাড়ি জমাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় মাছ ধরা ও কৃষিকাজ ছিল মনপুরার মানুষের প্রধান জীবিকা। কিন্তু নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ইলিশ সংরক্ষণে মৌসুমি মাছ ধরার নিষেধাজ্ঞা এবং কৃষিতে নানা সংকটের কারণে সেই আয়ের ক্ষেত্রও আগের তুলনায় অনেক সংকুচিত হয়েছে। ফলে নতুন প্রজন্মের বড় একটি অংশ স্থায়ী কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে।

মনপুরার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করা অনেক তরুণ বছরের পর বছর চাকরির অপেক্ষায় রয়েছেন। কেউ অল্প আয়ের অস্থায়ী কাজ করছেন, কেউ দিনমজুরি বা মৌসুমি পেশায় যুক্ত হচ্ছেন, আবার অনেকে জীবিকার তাগিদে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে চলে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে কর্মসংস্থানের অভাবে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ মনপুরা ছেড়ে অন্যত্র স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, মনপুরায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মৎস্যভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, পর্যটন খাতের উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা গেলে হাজারো তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে দ্বীপে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।

এ বিষয়ে ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন বলেন, “মনপুরা দ্বীপে একটি প্রবাসী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করা হলে স্থানীয় বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে অনেক তরুণ দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা বলেন, "মনপুরায় বিদ্যুতের সমস্যার কারণে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। খুব দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হলে এখানে মিল-কারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে এবং অনেক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।"

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী জানান, গত তিন বছরে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৭২০ জন তরুণ-তরুণীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০৮ জন আত্মকর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ৩ জন প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করেছেন। তিনি বলেন, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, যুব নিবন্ধন কার্যক্রম এবং নতুন দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আরও বেশি তরুণকে কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে স্থানীয়দের মতে, প্রশিক্ষণের পাশাপাশি পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে প্রশিক্ষিত তরুণদেরও দ্বীপ ছেড়ে অন্যত্র যেতে হবে। তারা মনে করেন, মনপুরার ভৌগোলিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে মৎস্যশিল্প, কৃষিভিত্তিক শিল্প, পর্যটন এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দেশজুড়েই যুব কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। দক্ষতা উন্নয়ন, স্থানীয় পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের মাধ্যমে এ সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব।

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবভিত্তিক কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাহলে জীবিকার জন্য মনপুরার তরুণদের আর নিজের প্রিয় জন্মভূমি ছেড়ে দূর-দূরান্তে পাড়ি জমাতে হবে না।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত