ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:২১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা টেকসই করার লক্ষ্যে নির্মিত দুটি হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণের মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। এতে সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের নির্মাণমান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরে মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে মোট ১,৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণের জন্য ১,৩২,৬৭,১২৯.১৩৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্স।

প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের আবহাওয়া অফিসসংলগ্ন আবু তাহেরের বাড়ি থেকে পূর্বদিকে বেড়িবাঁধ পর্যন্ত ১,০০০ মিটার এবং ৫ নম্বর ওয়ার্ডে গ্রামীণ টাওয়ারসংলগ্ন রহিম হাফেজের বাড়ি থেকে পশ্চিমে বেড়িবাঁধ মসজিদ পর্যন্ত ৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ করা হয়।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই সড়ক দুটির বিভিন্ন স্থানে ইট দেবে গেছে, সরে গেছে এবং ভেঙে পড়েছে। কোথাও কোথাও ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত বালু ও ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাণ ইট না দেওয়ায় সড়কগুলো অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, কাজ শেষ হওয়ার কিছুদিন পর থেকেই সড়কের বিভিন্ন অংশ ভাঙতে শুরু করে। অথচ নির্মাণকাজে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা হলেও তার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।

স্থানীয়দের ভাষ্য, সড়ক দুটি দীর্ঘদিন টেকসই থাকবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু এক মাসের মাথায়ই সড়কের এমন বেহাল চিত্র দেখে তারা হতাশ। তারা নির্মাণকাজের গুণগত মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সড়কগুলো পুনর্নির্মাণ বা মানসম্মতভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তসলিম বলেন, রাস্তার কাজ শুরুর আগে তিনি ঠিকাদারকে মাটি ভরাট করে রাস্তা উঁচু করার পর ইট বসানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি, সেই পরামর্শ না মেনে মাটি ভরাট ছাড়াই হেরিংবোন (এইচবিবি) সড়কের কাজ করা হয়েছে।

তিনি আরও জানান, এই সড়কে প্রায় ২ লক্ষ টাকার মাটি ভরাটের একটি প্রকল্প ছিল। তাঁর পরিকল্পনা ছিল আগে মাটি ভরাটের কাজ শেষ করে পরে হেরিংবোন নির্মাণ করা। কিন্তু ঠিকাদার তা না করায় রাস্তা ও পাশের জমির উচ্চতা সমান হয়ে গেছে। তাঁর মতে, এ কারণেই অল্প সময়ের মধ্যেই সড়কটি ধসে পড়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্স-এর প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, “অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাত কমে গেলে পুরো সড়কটি পুনরায় মেরামত (রিফেয়ারিং) করা হবে।”

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারকে বিষয়টি জানানো হয়েছে। বৃষ্টিপাত কমে গেলে তিনি সড়কটি সম্পূর্ণভাবে মেরামত করে দেবেন।

তবে স্থানীয়দের প্রশ্ন, যদি মাত্র এক মাসের বৃষ্টিতেই নতুন নির্মিত সড়ক ধসে পড়ে, তাহলে দীর্ঘমেয়াদে এসব সড়কের স্থায়িত্ব কতটুকু হবে? তারা প্রকল্পটির নির্মাণমান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত