পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বগুড়া। উন্নয়ন বৈষম্য দূর করা, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা এই পাঁচ জেলা নিয়ে নতুন বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রস্তাবে সংশ্লিষ্ট পাঁচ জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরা সর্বসম্মত সমর্থন জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের এই পাঁচ জেলার সমন্বয়ে বগুড়াকে নতুন বিভাগ ঘোষণার বিষয়ে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরা পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাদের কারও কোনো আপত্তি নেই। ফলে বিষয়টি বাস্তবায়নের পথ আরও সহজ হয়েছে। তিনি বলেন, দেশে চার জেলা নিয়েও সিলেট, বরিশাল কিংবা ফরিদপুরের মতো বিভাগ থাকতে পারে, তাহলে উত্তরাঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র বগুড়াকে বিভাগ করার যৌক্তিকতা আরও বেশি। বগুড়া দীর্ঘদিন ধরে শিক্ষা, বাণিজ্য, কৃষি ও যোগাযোগের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই এটিকে বিভাগ ঘোষণা সময়ের দাবি। প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়াকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের উন্নয়নের একটি সমন্বিত মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করা হচ্ছে। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটিও গঠন করা হবে, যা অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে। সভায় তিনি বগুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কয়েকটি বড় প্রকল্পের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গাবতলী–সারিয়াকান্দি–মাদারগঞ্জ হয়ে টাঙ্গাইল পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা, যা বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এছাড়া বগুড়া শহরের রেলক্রসিংয়ের দীর্ঘদিনের যানজট নিরসনে ওভারপাস নির্মাণ এবং নিচ দিয়ে ট্রেন চলাচলের পরিকল্পনার নকশা চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। এ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম.বজলুর রশীদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইনসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি। সংশ্লিষ্টদের মতে, নতুন বিভাগ বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত ও টেকসই উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড