ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ গবেষণা অনুদান ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল (এনএইচএমআরসি) ইনভেস্টিগেটর গ্র্যান্ট (ইমার্জিং লিডারশিপ লেভেল-২) অর্জন করেছেন।
প্রায় ১৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৪ কোটি টাকার বেশি) মূল্যের এই অনুদানের অর্থ তাঁর নেতৃত্বাধীন সিনা ল্যাবের ক্যান্সার শনাক্তকরণবিষয়ক গবেষণায় ব্যয় করা হবে।
সম্প্রতি এনএইচএমআরসি এ অনুদানের ফলাফল প্রকাশ করে। সংস্থাটি গবেষণায় উল্লেখযোগ্য অবদান, শক্তিশালী গবেষণা-নেতৃত্ব এবং ভবিষ্যৎ গবেষণার সুস্পষ্ট পরিকল্পনার ভিত্তিতে নির্বাচিত গবেষকদের এই অনুদান দিয়ে থাকে। অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এটি অন্যতম মর্যাদাপূর্ণ অর্থায়ন হিসেবে বিবেচিত।
ড. আবু আলী সিনার বাড়ি চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায়। বাবা শহীদুল্লা মাষ্টার এবং মা সুরাইয়া বেগম। বর্তমানে তিনি স্ত্রী সাবিহা সুলতানা ও ছেলে জাবির ইবনে হাইয়্যানকে নিয়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাস করছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। পরে গবেষণা ও উচ্চশিক্ষায় নিজেকে সম্পৃক্ত করতে একই বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। সেখান থেকে শিক্ষা ছুটি নিয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান। পিএইচডি গবেষণার সময় থেকেই তিনি ক্যান্সার গবেষণায় কাজ শুরু করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) সিডনিতে সিনা ল্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিনা ল্যাব জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে রক্তভিত্তিক নতুন প্রজন্মের বায়োমার্কার শনাক্ত, ন্যানোপ্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক প্ল্যাটফর্ম উন্নয়ন এবং ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা পরিচালিত হবে। গবেষণার লক্ষ্য হলো এমন প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে ক্যান্সার আরও দ্রুত, নির্ভুল ও সহজ উপায়ে শনাক্ত করা সম্ভব হবে।
গবেষণাগারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অনুদান গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে গবেষণার ফলাফলকে পরীক্ষাগার থেকে বাস্তব চিকিৎসা প্রযুক্তিতে রূপান্তরের প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।
অনুদান পাওয়ার প্রতিক্রিয়ায় ড. আবু আলী সিনা বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়। আমার শিক্ষার্থী, সহকর্মী, গবেষণা-সহযোগী, মেন্টর এবং পরিবারের দীর্ঘদিনের সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। তাঁদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এক বিবৃতিতে সিনা ল্যাব কর্তৃপক্ষ জানায়, এ অর্জন গবেষণাগারের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, গবেষণা-সহযোগী, মেন্টর এবং শুভানুধ্যায়ীদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তারা আরও জানায়, ল্যাবের সাবেক পিএইচডি গবেষক ড. তানভীর আহমেদের গবেষণা এই নতুন অর্থায়নপ্রাপ্ত প্রকল্পের বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর অবদানকে বিশেষভাবে স্বীকৃতি জানিয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
গবেষণাগারের ভাষ্য, এই অর্থায়নের মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তিকে আরও কার্যকর ও সহজলভ্য করার গবেষণা এগিয়ে যাবে। এর ফলে ভবিষ্যতে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে দ্রুত চিকিৎসা শুরু করার সুযোগ বাড়বে, যা রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক গবেষণায় ড. আবু আলী সিনার এই স্বীকৃতি বাংলাদেশের গবেষকদের সক্ষমতাকেও নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে এটি দেশের তরুণ গবেষকদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উচ্চমানের গবেষণায় অংশগ্রহণের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমএসএম / এমএসএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন
মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?