সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে অবাধে শিকার চালিয়ে যাচ্ছে এক শ্রেণির অসাধু জেলে। তবে এসব অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুই দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর বনাঞ্চলে আরও একটি অবৈধ শুঁটকি মাচা (রিংঘর) ধ্বংস করেছে বনরক্ষীরা। এ সময় বিপুল পরিমাণ শুঁটকি, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল নিয়মিত টহলে বের হয়। এ সময় শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন কালামিয়া ও নারিকেলবাড়িয়া খাল-সংলগ্ন দুর্গম বনাঞ্চলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে নির্মিত একটি শুঁটকি তৈরির মাচা বা রিংঘর শনাক্ত করা হয়।
অভিযানে ওই মাচা থেকে দুই বস্তা শুঁটকি চিংড়ি জব্দ করা হয়। পাশাপাশি একটি জেলে নৌকা, দুটি টানা জাল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেন বনরক্ষীরা। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শুঁটকি প্রস্তুতকারী জেলেরা আগেই বনের গহিনে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অবৈধভাবে গড়ে তোলা ওই শুঁটকির মাচাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এদিকে, একই দিন বিকেলে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির আওতাধীন কবরখালী খালে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় চারটি জেলে নৌকা এবং ১৫টি চর জাল জব্দ করেন বনরক্ষীরা। এখানেও বনরক্ষীদের দেখে নৌকায় থাকা জেলেরা লাফিয়ে বনের ভেতর পালিয়ে যায়।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, "বর্তমানে সুন্দরবনে তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কিন্তু এক শ্রেণির অসাধু জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে শেলারচরের দুর্গম বনাঞ্চলে অবৈধভাবে মাচা নির্মাণ করে চিংড়ি শুঁটকি প্রস্তুত করছিল। বন বিভাগের অভিযানে সেই মাচা ধ্বংস করা হয়েছে।"
অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সুন্দরবনে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
Aminur / Aminur
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন