ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় নিখোঁজের ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৬ দুপুর ৪:৪৪

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পরিবার পূর্ববিরোধের জেরে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুর মধ্যে খেলাধুলার সময় ঘটে যাওয়া ঘটনার জেরে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাহফুজা আক্তার (৭) উপজেলার তারাকান্দি গ্রামের মো. ইদ্রিস আলী মোল্লা ও রওশনআরা বেগমের মেয়ে। সে রাখালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার (১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে মাহফুজা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। তাঁদের দাবি, একই গ্রামের বাবলু শেখের নাতনি জান্নাতি (১০) কয়েক দফা মাহফুজার খোঁজ নিয়ে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। পরে ওই শিশুই এসে মাহফুজার বাবাকে জানায়, মাহফুজা নাকি অন্য এক বান্ধবীর বাড়িতে গেছে।

সন্ধ্যার পরও মাহফুজা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মসজিদের মাইকিংয়ের মাধ্যমে তার খোঁজ শুরু করেন। রাত প্রায় ১১টার দিকে বাবলু শেখের ভিটায় শিশুটির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে নগরকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন ছিল।

নিহতের বাবা ইদ্রিস আলী মোল্লা বলেন, তাঁদের সঙ্গে বাবলু শেখের দীর্ঘদিন ধরে সরকারি রেলওয়ের জমিতে ঘাস লাগানোকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাঁর মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে বাবলু শেখের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই শিশুর মধ্যে খেলাধুলার সময় কোনো সংঘর্ষের একপর্যায়ে এ ঘটনা ঘটতে পারে। পরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে বলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এটি তদন্তের প্রাথমিক পর্যায়ের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ