ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক পদ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:১২

সাগরবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা ভোলার মনপুরায় তীব্র শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের একাধিক পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছে না। কোথাও একজন শিক্ষককে একসঙ্গে একাধিক শ্রেণির দায়িত্ব পালন করতে হচ্ছে, আবার কোথাও গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শেখার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মনপুরায় মোট ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ৪৩টি হলেও কর্মরত রয়েছেন মাত্র ২৫ জন। ফলে শূন্য রয়েছে ১৮টি পদ। অন্যদিকে সহকারী শিক্ষকের অনুমোদিত ২১৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৮৯ জন। এখনও শূন্য রয়েছে ৩০টি পদ। অর্থাৎ উপজেলায় মোট ৪৮টি শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

সরেজমিনে কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, পর্যাপ্ত শিক্ষক না থাকায় নির্ধারিত শ্রেণি রুটিন অনুযায়ী পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে একজন শিক্ষককে একই সময়ে একাধিক শ্রেণির পাঠদান করতে হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

একাধিক অভিভাবক জানান, তাদের সন্তানরা নিয়মিত বিদ্যালয়ে গেলেও শিক্ষক সংকটের কারণে অনেক সময় সব ক্লাস অনুষ্ঠিত হয় না। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে সন্তানদের প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভরশীল করে তুলছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।

একজন প্রধান শিক্ষক বলেন, অনুমোদিত পদের তুলনায় শিক্ষক সংখ্যা অনেক কম। সীমিত জনবল দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিদ্যালয়গুলোকে নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হলে শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

স্থানীয়দের অভিযোগ, মনপুরার ভৌগোলিক বিচ্ছিন্নতা, নৌ-যোগাযোগের সীমাবদ্ধতা এবং দুর্গম পরিবেশের কারণে অনেক শিক্ষক এখানে যোগদান বা দীর্ঘদিন কর্মরত থাকতে আগ্রহী হন না। ফলে বদলি, পদোন্নতি কিংবা অবসরের পর দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্যই থেকে যায়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসরাফ বলেন, “উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো বেশ কিছু শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে আশা করছি, আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়োগপ্রাপ্ত কিছু শিক্ষক যোগদান করবেন। এরপরও কয়েকটি পদ শূন্য থেকে যাবে। সেই শূন্য পদগুলোতেও দ্রুত শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

শিক্ষাবিদদের মতে, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি। তাই দীর্ঘদিন শিক্ষক সংকট অব্যাহত থাকলে এর নেতিবাচক প্রভাব শুধু বর্তমান শিক্ষার্থীদের ওপরই নয়, ভবিষ্যতের মানবসম্পদ উন্নয়নেও পড়বে।

এ অবস্থায় স্থানীয়দের দাবি, মনপুরার মতো দুর্গম দ্বীপাঞ্চলের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করে দ্রুত শিক্ষক নিয়োগ ও দীর্ঘমেয়াদি পদায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণ করে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত