ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

যশোরের কেশবপুরে খাল খনন প্রকল্পের ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ৪:৪১

যশোরের কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্যাসডাঙ্গা খাল খনন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকল্প চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির কয়েকজন সদস্য। অভিযোগ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা খাল খননের জন্য ৭৭ লাখ ২১ হাজার ১১ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা খাতুন। গত ২১ মে কাজ শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ হয়ে যায়। অভিযোগকারীদের দাবি, প্রকল্পের বিপরীতে ২২ লাখ ৭২ হাজার ৪৪৩ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ভেকু (খননযন্ত্র) চালককে ৪ লাখ ৯০ হাজার টাকা এবং শ্রমিকদের মজুরি বাবদ প্রায় আড়াই থেকে চার লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি অর্থ প্রকল্প চেয়ারম্যান নাজমা খাতুন ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রকল্প কমিটির সদস্য আজিজুর রহমান আজিজ, মাস্টার রেজাউদ্দোলা নিজাম ও বাবর আলী বলেন, প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে এ অনিয়ম করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের অব্যবহৃত ৫৪ লাখ ৪৮ হাজার ৫৬৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প চেয়ারম্যান নাজমা খাতুন। তিনি বলেন, প্রকল্পের আওতায় নির্ধারিত কাজ সম্পন্ন করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসেন বলেন, প্রকল্প অনুযায়ী খাল খননের কাজ হয়েছে। তবে খালে অতিরিক্ত পানি থাকায় অবশিষ্ট অংশে কাজ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, প্রকল্প কমিটির সদস্যদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান

বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত পরিস্থিতি

চউক’এ বহাল অস্ত্র মামলায় অভিযুক্ত আলমগীর খান

নোয়াখালীতে দুই দিন ব্যাপী জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা গড়ে তুলতে কর্মশালা

নওগাঁয় “গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন

রাতের আঁধারে বিদ্যালয়ের মেহগনি গাছ কর্তন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

পেকুয়ায় বেড়িবাঁধে অবৈধ নাসি স্থাপনের ঘটনায় মামলা করতে পাউবোর নির্দেশ

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আয় এনবিআর

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বীজ ধান বিতরণ