রাজারহাটে এসআইয়ের বিরুদ্ধে ভুয়া চার্জশিট ও জাল জবানবন্দির অভিযোগে সংবাদসম্মেলন
কুড়িগ্রামের রাজারহাট থানার উপ-পরিদর্শক এসআই আতিকুল ইসলামের বিরুদ্ধে ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক্ষর, ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি এবং অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তসহ ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা এবং তার অধীনে তদন্ত হওয়া মামলাগুলোর নথি পুনঃপরীক্ষার দাবি জানিয়েছেন এক ভুক্তভোগী সাংবাদিক।
শনিবার সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম বলেন,গত ২৭ মার্চ ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলা থেকে ফেরার পথে রাজারহাট উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান। এ ঘটনায় ওই দিনই রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়।
২৭ মার্চ মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই আতিকুল ইসলাম।
লিখিত অভিযোগে আরিফুল ইসলাম দাবি করেন, তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে আসামিপক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তদন্তে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তার অভিযোগ, মামলার বাদী কিংবা এজাহারভুক্ত চারজন প্রধান সাক্ষী গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাক আহমেদ ও রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ না করেই তাদের নামে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি তৈরি করে আদালতে পাঠানো হয়েছে।
আরিফুল ইসলামের আরও অভিযোগ, বাদী ও সাক্ষীদের সঙ্গে যথাযথভাবে কথা না বলেই মাত্র ২৫ দিনের মধ্যে আসামিদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে একটি দুর্বল চার্জশিট আদালতে দাখিল করা হয়।
তিনি বলেন,বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি ও অন্যান্য সাংবাদিক এবং ভুক্তভোগীরা তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি। এতে একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম জানান,এসব অভিযোগের বিষয়ে গত ২৩ জুলাই কুড়িগ্রামের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই অভিযোগের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়,পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) এবং রংপুর রেঞ্জের ডিআইজির কাছেও পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে এসআই আতিকুল ইসলামের দাখিল করা চার্জশিটের বিষয়ে অবিলম্বে নিরপেক্ষ পুনঃতদন্তের ব্যবস্থা, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং তার অধীনে পূর্বে তদন্ত হওয়া মামলাগুলোর নথি পুনঃপরীক্ষা করে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে এসআই আতিকুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত