ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বৃষ্টিতে চুইয়ে পড়া ভাঙা ঘরে নবজাতকের জন্ম


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:২৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল দক্ষিণপাড়ায় মানবেতর জীবনযাপন করা এক পরিবারের ভাঙাচোরা কুঁড়েঘরে বৃষ্টির মধ্যে জন্ম নিয়েছে তিন দিনের এক নবজাতক। মাথার ওপর নিরাপদ ছাদ নেই, ঘরে নেই পর্যাপ্ত খাবার—চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যেই চলছে পরিবারটির জীবনসংগ্রাম।

পরিবারটির কর্তা চিন্ময় মন্ডল (৪৮)। স্ত্রী আরতী মন্ডল (৪০) প্রতিবন্ধী। তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কৃষ্ণ মন্ডল (৮) প্রতিবন্ধী, মেঝো ছেলে বিষ্ণু মন্ডলের বয়স ৬ বছর এবং তিন দিন আগে জন্ম নেওয়া ছোট সন্তানটির এখনো কোনো নাম রাখা হয়নি।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই বছর ধরে পরিবারটি স্থায়ী আশ্রয় ছাড়া জীবন কাটাচ্ছে। থাকার মতো একটি নিরাপদ ঘর নেই। বৃষ্টি হলেই ভাঙাচোরা কুঁড়েঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। সম্প্রতি প্রবল বর্ষণের মধ্যেই সেই ঘরে জন্ম নেয় নবজাতক শিশুটি।

চিন্ময় মন্ডল বলেন, “আমার কোনো কাজকর্ম ঠিকমতো চলে না। সন্তানের মুখে ভাত দিতে পারি না। ঘর বানানোর সামর্থ্য নেই। প্রশাসনের কাছে অনুরোধ, আমাকে যেন একটি থাকার ঘর করে দেওয়া হয়।”

প্রতিবন্ধী হওয়ায় আরতী মন্ডল স্পষ্টভাবে কথা বলতে পারেন না। সন্তানদের বিষয়ে জানতে চাইলে তিনি শুধু বলেন, “আমার দুটি সন্তান।” পরিবারের সদস্যদের শারীরিক সীমাবদ্ধতার কারণে নবজাতকসহ শিশুদের স্বাভাবিকভাবে দেখাশোনাও করতে পারছেন না তিনি।

প্রতিবেশী জয়দীপ হালদার বলেন, “পরিবারটির প্রায় সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার মধ্যে আছে। তারা কখনো মন্দিরে, কখনো অন্যের বাড়ি বা কোনো প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। নবজাতক শিশুটি বৃষ্টির মধ্যে ভিজে পৃথিবীতে এসেছে। তাদের জন্য একটি নিরাপদ ঘর খুবই জরুরি।”

আরেক প্রতিবেশী বিনতা মাঝি বলেন, “তাদের রান্না করার মতো আলাদা ঘরও নেই। কখনো তিনবেলা খেতে পারে, কখনো দুই বেলা না খেয়ে থাকে। বৃষ্টি হলে রান্নাও করতে পারে না।”

বিষয়টি নিয়ে পাটগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুষু বলেন, “পরিবারটির এমন দুরবস্থার কথা আগে জানতাম না। বিষয়টি জেনেছি। চেয়ারম্যান ও প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”

পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, “গণমাধ্যমের মাধ্যমে পরিবারটির পরিস্থিতি জানতে পেরেছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের জন্য ঘরের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

এদিকে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। তিনি বাঘিয়ারকুলে গিয়ে পরিবারটির সঙ্গে কথা বলেন এবং নবজাতকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

ইউএনও জানান, নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরিবারটির জন্য সরকারি সহায়তায় একটি ঘরের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

মোহাম্মদ দিদারুল আলম বলেন, “আমি এখানে সদ্য যোগদান করেছি। বিষয়টি আগে আমার জানা ছিল না। টুঙ্গিপাড়া প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারটির জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এই উদ্যোগে পরিবারটির সদস্য ও প্রতিবেশীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়—দ্রুত একটি নিরাপদ বাসস্থান ও নিয়মিত খাদ্য সহায়তা নিশ্চিত হলে নবজাতকসহ তিন সন্তানকে নিয়ে পরিবারটি অন্তত মানবিক পরিবেশে বেঁচে থাকার সুযোগ পাবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত