ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় চার মাস ধরে বন্ধ সড়ক সংস্কারকাজ, দুর্ভোগে মানুষ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১২:৩২

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে একটি সড়কের প্রায় এক কিলোমিটার অংশের সংস্কারকাজ চার মাস ধরে বন্ধ রয়েছে। সংস্কারকাজের জন্য সড়কের পুরোনো ইট তুলে নেওয়ার পর কাজ অসমাপ্ত থাকায় ওই অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও যানবাহন চালকসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।  স্থানীয় বাসিন্দারা জানান, মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া স্টেশন থেকে মিয়াজি পাড়া জামে মসজিদ পর্যন্ত সড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ এবং সংস্কারকাজ শুরু করা হয়। এ সময় সড়কের পুরোনো ইট তুলে নেওয়া হয়। পরে প্রায় এক কিলোমিটার অংশের কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার চলে যান। এরপর থেকে ওই অংশের সংস্কারকাজ বন্ধ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সড়কের বেদেরবিল পাড়া থেকে সাতঘর পাড়া এবং মিয়াজি পাড়া জামে মসজিদ থেকে ফুলতলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। তবে মাঝের প্রায় এক কিলোমিটার অংশের কাজ না হওয়ায় সেটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটির ওই অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে সিএনজি, টমটম, লবণবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। বৃষ্টি হলে গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। তখন যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এদিকে সংস্কারকাজ বন্ধ হওয়ার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, কাজ চলাকালে কয়েকজন ব্যক্তি ঠিকাদারকে কাজে বাধা দেন। তাঁদের দাবি, ঠিকাদার সড়কে লোহার নেট তৈরির কাজ করলেও পরে বাধার মুখে তা খুলে ফেলতে বাধ্য হন।
তবে স্থানীয় আরেকটি পক্ষের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করার চেষ্টা করছিলেন। এ নিয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি প্রতিবাদ করলে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। মগনামা ইউনিয়ন পরিষদের সদস্য নুর মুহাম্মদ বলেন, কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। সড়কের দুই পাশের অংশের কাজ শেষ হলেও মাঝের অংশটি ঠিকাদার শেষ না করেই চলে গেছেন।
সিএনজি চালক রেজাউল করিম বলেন, সড়কের দুই পাশে আরসিসির কাজ করা হয়েছে। কিন্তু মাঝের অংশটি বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। বৃষ্টি হলে গর্তগুলো পানিতে তলিয়ে যায় এবং তখন যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় সমাজসেবক রিয়াজুল ইসলাম বলেন, কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অভিযোগ ছিল। পরে ঠিকাদার প্রায় এক কিলোমিটার অংশের কাজ অসমাপ্ত রেখে চলে যান।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, ঠিকাদার সাতঘর পাড়া স্টেশন থেকে মিয়াজি পাড়া মসজিদ পর্যন্ত মাঝের অংশের কাজ রেখে চলে যান। ওই অংশের টেন্ডার বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর রি-টেন্ডার আহ্বান করেছে। আশা করছি, দ্রুত কাজ শুরু হবে।
পেকুয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাব-ইঞ্জিনিয়ার মো. শাহাজালাল বলেন, ঠিকাদার মাঝের অংশের কাজ রেখে যাওয়ায় নতুন করে রি-টেন্ডার করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের ভোগান্তি বেশি। তাঁদের দাবি, রি-টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করে অসমাপ্ত কাজ শুরু করা হোক। একই সঙ্গে সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান তাঁরা।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার