ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, আতঙ্কে আবাসিক শিশুরা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১২:৩৮

কুমিল্লার দাউদকান্দিতে একটি হাফিজিয়া মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার পানির সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় আবাসিক শিশু শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। বাধ্য হয়ে কয়েকজন শিক্ষার্থী পুকুরের পানি দিয়ে অজু ও গোসল করছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামের আবুল কাশেম ও হোসনেআরা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মাদ্রাসার নায়েবে মুহতামিম মো. হোসাইন আহমেদ দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে শামসুন্নাহার বেগম, শাহ জালাল, মো. ইমরান ইসলাম ও মো. আরাফাত উদ্দিনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে ভাঙচুরের অভিযোগ
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার জায়গা নিয়ে পূর্ববিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা সোমবার সকাল পৌনে ৯টার দিকে অনুমতি ছাড়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা, টিনের বেড়া, পানির পাইপ, বৈদ্যুতিক লাইট, গ্যাসের চুলাসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পানির সংকটে ১১ আবাসিক শিক্ষার্থী
সোমবার সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, হিফজ বিভাগের ১১ জন শিশু শিক্ষার্থী সেখানে আবাসিকভাবে থেকে পড়াশোনা করছে। ভাঙচুরের কারণে পানির সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অজু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। কয়েকজন শিক্ষার্থীকে পুকুরের পানি ব্যবহার করতে দেখা যায়।
এ ছাড়া মাদ্রাসার নিরাপত্তার জন্য স্থাপন করা সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মাদ্রাসার নায়েবে মুহতামিম মো. হোসাইন আহমেদ বলেন, ‘এখানে ছোট ছোট শিশু আবাসিকভাবে থেকে পড়াশোনা করে। পানির ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় তারা কষ্টে আছে। সিসিটিভি ক্যামেরা ও লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।’
অভিযুক্তদের বক্তব্য
অভিযোগের বিষয়ে শামসুন্নাহার বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, তাঁর বাবা শাহ জালাল তাঁকে জানিয়েছেন, তাঁদের জমি মাদ্রাসার লোকজন জোর করে দখল করে রেখেছে। এ কারণে তিনি সেখানে ভাঙচুর করতে গিয়েছিলেন।
তবে শাহ জালাল বলেন, ‘আমি তাকে কোনো হুকুম দিইনি। সে নিজে থেকেই এমনটা করেছে।’
মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পরও শামসুন্নাহার মাদ্রাসার আশপাশে গিয়ে শিশু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি তাদের।
পুলিশের বক্তব্য
দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা শামসুল আলম বলেন, বিষয়টি জানার পর ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি আবার এলাকায় গিয়ে একই ধরনের আচরণ করলে ফায়ার সার্ভিসকে জানানোর কথা বলা হয়েছে।
তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অফিসার ইনচার্জ জেলা মিটিংয়ে রয়েছেন। তিনি থানায় আসলে বিষয়টি আলোচনা সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘আমি জেলা মিটিংয়ে আছি।’ বিষয়টি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।
প্রশাসনের আশ্বাস এ বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, জমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা উচিত। কোনো বিরোধের কারণে যেন আবাসিক শিশু শিক্ষার্থীদের পড়াশোনা ও নিরাপত্তা ব্যাহত না হয়, সে জন্য দ্রুত প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।
তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

Aminur / Aminur

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব