ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১১-৮-২০২৬ বিকাল ৫:৩৩
বগুড়ার ধুনট উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা ও হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম কলেজের ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২১ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসায় ১৪ জন এবং টেকনিক্যাল কলেজের ভোকেশনাল শাখায় সাতজন পরীক্ষার্থী ছিল।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিষ্ঠান দুটির এমন ফলাফল সামনে আসে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির পাঠদান, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
১৪ পরীক্ষার্থী, পাসের খাতা শূন্য
ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা থেকে এবার ১৪ জন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১৪ জনের সবাই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে সেখানে ১৭ জন শিক্ষক পাঠদান করছেন।
অভিভাবকদের অভিযোগ, মাদরাসায় নিয়মিত ও যথাযথভাবে পাঠদান হয় না। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে শিক্ষকদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন।
অভিভাবক মাহবুবুর রহমান বলেন, “মাদরাসায় ঠিকমতো পাঠদান হলে এমন ফলাফল হওয়ার কথা নয়। শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে যথাযথভাবে মনোযোগী হলে ফলাফল ভালো হতে পারত।”
অভিভাবক মজনু মিয়া বলেন, “শিক্ষকরা নিয়মিত ও ভালোভাবে ক্লাস নিলে শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো হওয়ার সুযোগ ছিল। ১৪ জনের সবাই ফেল করায় আমরা হতাশ।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসার সুপার আব্দুল হামিদ। তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই ভালো ফলাফল হয়ে আসছে। এবারই ফল বিপর্যয় ঘটেছে। কী কারণে এমন ফল হয়েছে, তা নির্ণয় করে আগামী দিনে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
টেকনিক্যাল কলেজেও ৭ জনের কেউ পাস করেনি
অন্যদিকে, হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম কলেজের ভোকেশনাল শাখাতেও এবার একই চিত্র দেখা গেছে। এ শাখা থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হারও শূন্য।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও পাঠদানের মান উন্নয়নে আরও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
২০০২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৪ সালে চালু করা হয় ভোকেশনাল শাখা। বর্তমানে কলেজে সব মিলিয়ে ২০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১০ জন শিক্ষক পাঠদান করছেন।
কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, “আমাদের ভোকেশনাল শাখায় শিক্ষক সংকট রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরাও তুলনামূলকভাবে দুর্বল ছিল। এ কারণে এবার ফলাফলে বিপর্যয় ঘটেছে। আমরা কলেজের শিক্ষকদের দিয়েই ভোকেশনাল শাখায় পাঠদান করে থাকি। বিষয়টি নিয়ে সামনে থেকে আরও গুরুত্ব দিয়ে ভাবা হবে।”
কারণ অনুসন্ধানের উদ্যোগ
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন বলেন, “রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসার ফল বিপর্যয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত দেওয়ার পর তা কার্যকর করা হবে।”
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এমন ফলাফলের পেছনে পাঠদানের মান, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং প্রতিষ্ঠান পরিচালনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার