৪৭ দিন পর বিদ্যুৎ পেল মুকিমপুর গ্রামের মানুষ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামে দীর্ঘ ৪৭ দিন পর বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন গ্রামবাসী। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামটিতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন বিকেলে মুকিমপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায়কে কেন্দ্র করে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির লেপসিয়া অভিযোগ কেন্দ্রের কর্মীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় খালিয়াজুরী অভিযোগ কেন্দ্রের এজিএম মো. জিল্লুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেন।
মামলার পরদিন ২৭ জুন এজাহারভুক্ত ৭ জনের মিটার খুলে নেওয়ার পাশাপাশি মুকিমপুর গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফলে পুরো গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
গ্রামবাসীর অভিযোগ, কয়েকজনের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবী, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে; কিন্তু তার দায় পুরো গ্রামের মানুষকে বহন করতে পারে না। বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় ৪৭ দিন অন্ধকারে থাকতে হয়েছে তাদের।
এদিকে খালিয়াজুরী উপজেলা জামায়াত শাখার যুব বিভাগের সভাপতি মো. আসিফ ইকবাল চৌধুরী শাকিল গণসংযোগকালে মুকিমপুর গ্রামের বিদ্যুৎবিহীন মানুষের দুর্ভোগের বিষয়টি জানতে পারেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। এর পর বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসে।
গত ১১ আগস্ট দৈনিক সকালের সময়-এ মুকিমপুর গ্রামের দীর্ঘদিনের বিদ্যুৎবিচ্ছিন্নতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামটিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
বিদ্যুৎ সংযোগ ফিরে পাওয়ার পর মুকিমপুর গ্রামের গৌরাঙ্গ সরকার, মঞ্জু সরকার ও মহাদেব সরকার বলেন, “দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ দেওয়ায় আমরা আনন্দিত। তবে গ্রামের নয়টি মিটার খুলে নিয়ে যাওয়ার পর সেগুলোর মিটার ফেরত দেওয়া হয়নি এবং ওই সংযোগগুলোও চালু করা হয়নি। খালিয়াজুরী উপজেলা জামায়াত শাখার যুব বিভাগের সভাপতি মো. আসিফ ইকবাল চৌধুরী শাকিল বলেন, “বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে ২৬ জুনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করা হয়েছে। এরপর ৭ টি মিটার খুলে নেওয়ার পাশাপাশি পুরো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া মোটেই ঠিক হয়নি। যারা অপরাধ করেছে, তদন্ত সাপেক্ষে তারা শাস্তি পাবে। কিন্তু এর জন্য পুরো গ্রামের মানুষকে বিদ্যুৎবঞ্চিত করা যায় না।”
তিনি আরও বলেন, “বিদ্যুতের অভাবে গ্রামের ছেলে-মেয়েরা পড়াশোনা করবে না, মানুষ অন্ধকারে থাকবে—এটা মেনে নেওয়া যায় না। তাই আমি নিজ উদ্যোগে এর প্রতিবাদ জানিয়েছি এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়া পর্যন্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলাম। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় সংযোগ দেওয়া হয়েছে। এতে গ্রামবাসী আনন্দিত।”
বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ায় উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
এ বিষয়ে খালিয়াজুরী পল্লী বিদ্যুতের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, “যাদের বকেয়া বিদ্যুৎ বিল ছিল, তারা বিল পরিশোধ করার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আর যাদের নামে মামলা রয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের মিটার ফেরত বা সংযোগ দেওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমেই গতকাল গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।” মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “মামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন।”
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জান বলেন, “মুকিমপুর গ্রাম দীর্ঘদিন বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় গতকাল গ্রামটিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।”
মামলার আসামীদের মিটার বা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “মামলা সংক্রান্ত বিষয় বা মিটার ফেরত দেওয়ার বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষের। যেহেতু তারা সরকারী কাজে বাধা দিয়েছে, বিষয়টি আইনগত।”
Aminur / Aminur
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী