আইনি সহায়তার কথা বলে ডেকে গৃহবধূকে পুলিশের এসআই কর্তৃক ধর্ষণ!
জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং আত্মসাৎ করা স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার কথা বলে এক গৃহবধূকে চট্টগ্রামে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, অভিযুক্ত এসআই মো. শহিদুল ইসলাম (৪৭) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দক্ষিণ আলোনিয়া (মিজি বাড়ি) এলাকার মৃত আমিন মিয়া ও পেয়ারী বেগমের ছেলে। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় নিরস্ত্র উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
নোয়াখালী জেলার পুলিশ সুপারের (এসপি) বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বলেন, “বিষয়টি আমাদের নলেজে রয়েছে। আমরা তদন্ত করে দেখছি। অপরাধ প্রমাণিত হলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফেরদৌসী সুলতানা (৪৪) চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জলদী এলাকার বাসিন্দা আব্দুল হক চৌধুরীর স্ত্রী। বর্তমানে তিনি বান্দরবান জেলা সদরের বালাঘাটা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করছেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের জুন মাসে বাঁশখালী থানার গুণাগরী এলাকায় নিজের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রে যান। ওই সময় সেখানে কর্মরত ছিলেন এসআই শহিদুল ইসলাম। পরিচয়ের সূত্র ধরে ওই পুলিশ কর্মকর্তা তাকে আইনি সহায়তা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন এবং বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে সহায়তা করেন। পরবর্তীতে বিষয়টি আদালতের মামলায় গড়ায়।
এজাহারে আরও বলা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে ভুক্তভোগীর নিরাপত্তার কথা বলে এসআই শহিদুল তার কাছ থেকে প্রায় পাঁচ ভরি ওজনের একটি স্বর্ণের সেট এবং জমির মূল দলিল নিজের জিম্মায় নেন। ২০২৪ সালের অক্টোবর মাসে জমির দলিল ফেরত দিলেও স্বর্ণালঙ্কার পরবর্তীতে ফেরত দেবেন বলে সময়ক্ষেপণ করতে থাকেন। এ সময়ের মধ্যে তার অন্যত্র বদলি হলেও ভুক্তভোগীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত ছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৭ জুলাই বিকেলে এসআই শহিদুল ইসলাম তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভুক্তভোগীকে ফোন করেন। তিনি জানান, চট্টগ্রাম আদালতে সাক্ষ্য প্রদান এবং জায়গা-জমি ও স্বর্ণালঙ্কার সংক্রান্ত বিষয় সমাধানের জন্য তিনি চট্টগ্রামে অবস্থান করছেন।
পুলিশ কর্মকর্তার কথায় বিশ্বাস করে ভুক্তভোগী ওই দিন রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রামে আসেন। পরে হোয়াটসঅ্যাপে দেওয়া ঠিকানা অনুযায়ী তিনি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক, রোড-৮ এর একটি ভবনে যান।
এজাহার অনুযায়ী, বাসাটি ছিল দুই বেডরুমের একটি ফ্যামিলি বাসা। সেখানে এক নারী তার সন্তানদের নিয়ে একটি কক্ষে অবস্থান করছিলেন এবং অপর কক্ষে এসআই শহিদুল ছিলেন। ভুক্তভোগী নিজের স্বর্ণালঙ্কার ও জমির বিষয় নিয়ে আলোচনা শেষে অন্য কক্ষে থাকা নারীর সঙ্গে রাত কাটাতে চাইলে তাকে আশ্বস্ত করে নিজ কক্ষে থাকার কথা বলা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ৭ জুলাই দিবাগত রাত অর্থাৎ ৮ জুলাই রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে এসআই শহিদুল ভুক্তভোগী ঘুমিয়ে থাকা অবস্থায় তার কক্ষে প্রবেশ করেন এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন।
ভুক্তভোগী বাধা দিলে ও আপত্তি জানালে অভিযুক্ত তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী ওই বাসা থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পরামর্শে তিনি চান্দগাঁও থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় মামলা নম্বর-১৬, তারিখ ৮ জুলাই, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত এসআই মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রসিকিউশন বিভাগের মাধ্যমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর