চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, আটক ২
চট্টগ্রামের জেলা পরিষদ ভবনের অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংকের ভাষায়, বিপুল এই অর্থের ‘ঘাটতি’ পাওয়া গেছে। টাকা বিভিন্ন গ্রাহকের আমানতের বলে জানিয়েছে ব্যাংক।
এ ঘটনায় করা মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নন এমন মো. জাফরুল্লাহ তানভীরকে (২৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তবে ঘটনা নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন প্রশ্ন। ৪ কোটি ৩৮ লাখ টাকা যদি সত্যিই ভোল্ট থেকে সরানো হয়ে থাকে, তাহলে এত বিপুল অর্থের ঘাটতি এক বছরের বেশি সময় ধরে ধরা পড়ল না কেন? প্রতিদিনের ক্যাশ ও ভোল্টের হিসাব কে যাচাই করতেন? শাখা ব্যবস্থাপনার তদারকি কোথায় ছিল?
মামলায় যা বলা হয়েছে:
কোতোয়ালী থানায় করা মামলার নম্বর ২২/৪৩৮। এতে দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী অগ্রণী ব্যাংক পিএলসি লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ (৫৮)।
মামলায় কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন।
এজাহার অনুযায়ী, কামরুল হোসেন ওই শাখার ক্যাশ ও ভোল্টের দায়িত্বে ছিলেন। ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাব এবং ভোল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় গরমিল ধরা পড়ে। পরবর্তী হিসাব-নিকাশ, ভোল্টের হিসাব, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও নথি যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকা ঘাটতি পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, কামরুল হোসেনকে ঘাটতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাফরুল্লাহ তানভীরসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় তিনি ব্যাংকের ভোল্ট থেকে টাকা সরিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছেন। বান্ডিলের ভেতরে ছোট নোট ঢুকিয়ে হিসাব মেলানোর দাবি
মামলার এজাহারে কামরুল হোসেনের কথিত জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলা হয়েছে, ভোল্টে টাকা জমা দেওয়ার সময় ১ হাজার টাকার বড় বান্ডিলের ভেতরে ১০০ টাকা বা তার কম মূল্যমানের ছোট নোট ঢুকিয়ে বান্ডিল সাজানো হতো।
এজাহারে আরও দাবি করা হয়, জাফরুল্লাহ তানভীরের দেখাশোনার শর্তে ওই অর্থ বিনিয়োগ করে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে সেখানে ৫০ থেকে ৬০টি বিভিন্ন জাতের গরু রয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে তানভীরকে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন তার পিতা আজিম উল্লাহ। তিনি বলেন, ‘আমার ছেলে কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নয়, অগ্রণী ব্যাংকের লালদীঘি শাখার গ্রাহকও নয়। সে আগে থেকেই গরুর খামারের ব্যবসা করে। অথচ তাকে ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলায় জড়ানো হয়েছে। আমার ছেলের কাছে এত টাকা দেওয়ার কোনো ব্যাংক রেকর্ড বা প্রমাণও দেখানো হয়নি।’
আজিম উল্লাহ বলেন, ‘৯ আগস্ট রাত ১টার দিকে আমার স্ত্রীর মোবাইলে ব্যাংক থেকে ফোন করে বলা হয়, আমার ছেলে লালদীঘি ব্যাংকে আটক আছে। টাকা নিয়ে যেতে বলা হলেও কীসের টাকা, কত টাকা—কিছুই পরিষ্কার করে বলা হয়নি। আমার ছেলেকেও ফোনে কথা বলতে দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘রাতেই আমরা সাত-আটজন আত্মীয়স্বজন নিয়ে ব্যাংকে যাই। কিন্তু ব্যাংকের লোকজন আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। পরে আমরা কোতোয়ালী থানায় গিয়ে ওসিকে বিষয়টি জানাই। পুলিশকে সঙ্গে নিয়ে রাত আনুমানিক ২টার দিকে আবার ব্যাংকে গেলে প্রথমে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশ কৌশলে ব্যাংকে প্রবেশ করে আমার ছেলেসহ কামরুল হোসেনকে থানায় নিয়ে যায়। তার অভিযোগ, ছেলেকে কৌশলে ডেকে নিয়ে ব্যাংকের ভেতরে আটক রাখা হয়েছিল। এমনকি তার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও আমরা জানতে পেরেছি।
ম্যানেজারের তদারকি নিয়েও প্রশ্ন:
জাফরুল্লাহর পরিবার ও সংশ্লিষ্টদের প্রশ্ন, ব্যাংকের ভোল্টে যদি ১ জুন ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি তৈরি হয়ে থাকে, তাহলে এতদিন বিষয়টি ব্যাংকের নিয়মিত হিসাব ও তদারকিতে ধরা পড়েনি কেন?
তাদের দাবি, একটি ব্যাংকের দৈনন্দিন লেনদেন শেষ হওয়ার পর ক্যাশ ও ভোল্টের হিসাব মেলানোর নিয়ম রয়েছে। তাহলে এক বছরের বেশি সময় ধরে এত বড় অঙ্কের অর্থের ঘাটতি কীভাবে অজানা থাকল—এ প্রশ্নের উত্তরও তদন্তে বের করা প্রয়োজন।
তারা আরও দাবি করেন, শুধু ক্যাশ ইনচার্জকে দায়ী না করে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা, শাখা ব্যবস্থাপনার তদারকি এবং অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা খতিয়ে দেখা উচিত। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলাটি পিবিআই বা সিআইডিতে হস্তান্তরেরও দাবি জানিয়েছেন জাফরুল্লাহর পরিবার।
বিশেষজ্ঞের চোখে ‘দায় শুধু একজনের নয়’
ব্যাংকিং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‘ভোল্টে এত বড় অঙ্কের অর্থের ঘাটতি পাওয়া গেলে শুধু ক্যাশ ইনচার্জের দায় দেখেই বিষয়টি শেষ করা যাবে না। শাখা ব্যবস্থাপনার তদারকি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থাও তদন্তের আওতায় আসা উচিত।’
তিনি বলেন, ‘একটি ব্যাংকের ভোল্টে কোটি কোটি টাকা সংরক্ষিত থাকে। সেখানে বহিরাগত কোনো ব্যক্তির পক্ষে সহজে প্রবেশ করে এত বিপুল অর্থ বের করে নেওয়ার সুযোগ থাকার কথা নয়। ফলে ভোল্টের নিরাপত্তা, চাবি বা অ্যাক্সেস, ক্যাশ গণনা, দৈনিক হিসাব, সিসিটিভি এবং দায়িত্ব বণ্টন—সবকিছু খতিয়ে দেখা প্রয়োজন।’
তার মতে, ‘যদি এক বছরের বেশি সময় ধরে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি থেকে থাকে, তাহলে শাখা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তারা বিষয়টি জানতে পারেননি কেন—এ প্রশ্নের উত্তরও গুরুত্বপূর্ণ। কারণ এখানে ব্যক্তিগত অর্থ নয়, গ্রাহকদের আমানতের বিষয় জড়িত।’
তিনি আরও বলেন, ‘অভিযোগ প্রমাণের আগে কাউকে দোষী বলা যাবে না। তবে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থায় কোথাও ব্যর্থতা ছিল কি না, সেটিও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।’
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, ‘গ্রাহকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এজাহারনামীয় দুই আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’ তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও তথ্যের স্ক্রিন রেকর্ডসহ ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। ‘মামলাটি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত আর কিছু বলা যাচ্ছে না।’
তদন্তে এখন মূল নজর কোথায়?
ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্তকারীদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ৪ কোটি ৩৮ লাখ টাকা ঠিক কখন থেকে ঘাটতি হলো?
প্রতিদিনের ক্যাশ ও ভোল্টের হিসাব কারা যাচাই করেছেন? ভোল্টে প্রবেশের অনুমতি ও নিয়ন্ত্রণ কার হাতে ছিল? ব্যাংকের সিসিটিভিতে কারা কখন ভোল্ট বা ক্যাশ সেকশনে প্রবেশ করেছেন?
জাফরুল্লাহর সঙ্গে কামরুলের আর্থিক সম্পর্কের কোনো প্রমাণ আছে কি না? দীর্ঘ সময় ধরে ঘাটতি থাকলে অভ্যন্তরীণ অডিট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে তা আসেনি কেন?
সবচেয়ে বড় কথা, টাকা কে নিয়েছে—এই প্রশ্নের পাশাপাশি টাকা কীভাবে বের হলো এবং এতদিন কেউ তা শনাক্ত করতে পারল না কেন—এই প্রশ্নের উত্তরও খুঁজে বের করা জরুরি।
এমএসএম / এমএসএম
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন
পাঁচবিবিতে ভাঙা সুইচগেট, হুমকিতে বসতবাড়ি আতঙ্কে ৫০ পরিবার
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু
চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, আটক ২
জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপা উপজেলা: ইউএনও আবু জর মো. ইজাজুল হকের দক্ষ নেতৃত্বে অনন্য সাফল্য
গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখল সৈয়দ শরিফুল ইসলাম জিদান
ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিনের অনিয়ম ঢাকার অপচেষ্টা শুরু
লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত
দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান ও তৈয়াবুর রহমান নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত
কুড়িগ্রামে বর্ষা মৌসুমে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন চাষীরা