ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:৭
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটে ধান ব্যবসায়ী ও অবৈধ স্থাপনার কারণে নিয়মিত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার হাটবারে ধান বিক্রি করতে আসা কৃষকদের অটো ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারিতে বাজারের প্রধান সড়ক কার্যত অচল হয়ে পড়ে। এতে বাজার এলাকা পার হতে কখনো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
শুক্রবার সকালে সরেজমিনে মথুরাপুর হাটে গিয়ে দেখা যায়, ধানবোঝাই অটো ও ভ্যানের দীর্ঘ সারি সড়কের ওপর অবস্থান করছে। এতে বাজারের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ধান নিয়ে আসা কৃষকদের পাশাপাশি যাত্রীবাহী যানবাহন, পথচারী ও অন্যান্য ব্যবসায়ীদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অটোচালক আবুল কাসেম বলেন, ‘প্রতি শুক্রবার ধান ব্যবসায়ীদের কারণে পুরো বাজারে যানজট লেগেই থাকে। পথচারী থেকে শুরু করে সব ধরনের যানবাহন এই জ্যামে আটকে যায়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘অধিকাংশ ধান ব্যবসায়ীর ধান রাখার ঘর বাজারের মূল পয়েন্টে। এ কারণে ধান কেনাবেচার সময় সড়কের ওপরই অটো-ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়। ধানের ঘরগুলো যদি বাজারের এক পাশে নির্দিষ্ট জায়গায় করা হয়, তাহলে যানজট অনেকটাই কমে আসতে পারে।’
মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘শুধু হাটের দিন নয়, অন্যান্য দিনও মথুরাপুর বাজারে যানজট লেগেই থাকে। যানজট নিরসনে আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি যানজটমুক্ত করতে পারিনি। রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মূলত এই যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বাজারের মসলা পট্টি এলাকাটি পুরোপুরি অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব কারণে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে।’
স্থানীয়দের অভিযোগ, হাটে ধান কেনাবেচার জন্য নির্দিষ্ট স্থান ও যানবাহন রাখার ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত একই সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এতে বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহনও ভোগান্তিতে পড়ছে। স্থানীয়রা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক দখলমুক্ত করা এবং ধান ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে মথুরাপুর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই নিরসন হবে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪