ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ৪:৩২

গর্ভবতী নারী ও নবজাতকের নিরাপদ চিকিৎসার জন্য হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রত্যাশিত মানবিকতা ও আন্তরিকতার পরিবর্তে নানা ভোগান্তি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) লেবার ওয়ার্ডে। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসক-নার্সদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া কিংবা চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলতেও অনেক সময় বিড়ম্বনার মুখে পড়তে হয়।

ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা ওয়ার্ডে এসে নিজেদের খাওয়া-দাওয়াসহ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। রোগীর বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অনেক সময় পর্যাপ্ত সময় দেওয়া হয় না। কেউ কেউ প্রশ্ন করলে ‘যান আসতেছি’ বলে এড়িয়ে যান কিংবা স্বজনদের ওয়ার্ড থেকে বের হয়ে যেতে বলা হয়—এমন অভিযোগও করেছেন কয়েকজন রোগীর স্বজন।

শফিকুল ইসলাম নামে এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডাক্তার-নার্সদের কাছে যাওয়া মানেই যেন আগুনে হাত দেওয়া। রোগীর বিষয়ে স্বাভাবিকভাবে কোনো কথা বলাও কঠিন।” তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে একবার রোগী নিয়ে ভর্তি হয়ে ডেলিভারি, বিশেষ করে সিজারিয়ান করাতে গেলে পরবর্তীতে আবার রোগী নিয়ে সেখানে ভর্তি করার আগ্রহই থাকে না। একবারের অভিজ্ঞতাই সবার জন্য জীবনের শিক্ষা হয়ে যায়।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত লেবার ওয়ার্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বলে দাবি করেছেন এক স্বজন। তাঁর অভিযোগ, গাইনি বিভাগের চিকিৎসকদের একটি অংশের মধ্যে রোগীর সেবার চেয়ে অফিস সময় শেষ করে নিজ নিজ ব্যক্তিগত চেম্বারে যাওয়ার তাড়নাই বেশি দেখা যায়। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা প্রয়োজন।

লেবার ওয়ার্ডে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক গাইনি চিকিৎসকও গর্ভবতী মায়েদের নানা ভোগান্তির বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “লেবার ওয়ার্ডে গর্ভবতী মায়েদের অনেক কষ্ট করতে হয়। চিকিৎসক-সংশ্লিষ্টদের মধ্যেও কিছু গাফিলতি রয়েছে। সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।” একই সঙ্গে কিছু অসাধু চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের নির্দিষ্ট চেম্বারে নেওয়ার প্রবণতার অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেন ওই চিকিৎসক।

তাঁর এই বক্তব্য লেবার ওয়ার্ডের সেবাব্যবস্থা নিয়ে ওঠা অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে বলে মনে করছেন ভুক্তভোগীরা। রোগী ও স্বজনদের প্রশ্ন, বছরের পর বছর যদি শুধু সমস্যা সমাধানের ‘চেষ্টা’ চলতেই থাকে, তাহলে লেবার ওয়ার্ডের দীর্ঘদিনের ভোগান্তির বাস্তব সমাধান হবে কবে? গর্ভবতী মা ও নবজাতকের জীবন যেখানে সরাসরি ঝুঁকির সঙ্গে জড়িত, সেখানে রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসক-নার্সদের আচরণ, প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি, সেবার মান এবং ওয়ার্ড ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠা কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। ভুক্তভোগীদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা চিহ্নিত করতে হবে। প্রশ্ন এখন একটাই—মমেকহা লেবার ওয়ার্ডে গর্ভবতী মা ও স্বজনদের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে কবে?

ময়মনসিংহবাসীর প্রত্যাশা, অভিযোগ-পাল্টা অভিযোগের বাইরে গিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে হাসপাতাল প্রশাসন। কারণ জরুরি এই বিভাগে ‘চেষ্টা’ নয়, রোগী ও স্বজনরা চান নিরাপদ, মানবিক ও জবাবদিহিমূলক চিকিৎসাসেবা।

এ বিষয়ে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি মো. মিজানুর রহমান বলেন, “লেবার ওয়ার্ডে নার্স যদি অনিয়ম করে—এমন অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়ম ও দুর্নীতিতে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।

লেবার ওয়ার্ডের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিনা লতিফ যুথীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি হাসপাতাল প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তাঁর বক্তব্য, হাসপাতালের সার্বিক বিষয় জানতে এডি মহোদয়ের কাছে যেতে হবে। বিভাগীয় প্রধানের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, লেবার ওয়ার্ডের সেবাব্যবস্থা নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগের জবাবদিহি করবে কোন কর্তৃপক্ষ এবং অভিযোগের প্রতিকারই বা করবে কে?

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত