ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ৪:৩৫

একসময় ১৫ আগস্ট এলেই বদলে যেত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চিত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ঘিরে জড়ো হতেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে মুখর হয়ে উঠত সমাধিসৌধ এলাকা। তবে এবার সেই চেনা দৃশ্য নেই। নেই মানুষের সেই ঢল, নেই রাজনৈতিক কর্মসূচি কিংবা আনুষ্ঠানিকতার ব্যস্ততা। বরং নীরব টুঙ্গিপাড়া এখন নিরাপত্তার চাদরে ঢাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে শনিবার সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলা ও সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় ছিল কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান ও টহল দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের আশপাশে অন্য বছরের তুলনায় অনেকটাই ভিন্ন পরিবেশ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা। সড়কে চলছে নিয়মিত টহল। নিরাপত্তার কারণে সমাধিসৌধ এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়েছে। টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্যও এসেছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ জন্মস্থান টুঙ্গিপাড়ায় নিয়ে সমাহিত করা হয়। এরপর থেকে প্রতিবছর ১৫ আগস্ট তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছিল।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় থাকত ব্যাপক আয়োজন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে সমাধিসৌধ কমপ্লেক্স হয়ে উঠত জনসমাগমের অন্যতম কেন্দ্র। শোকের আবহে পালিত হতো নানা কর্মসূচি।

২০২৪ সালের ১৫ আগস্টেও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছিল। সমাধিসৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি।

কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর পাল্টে যায় সেই দৃশ্যপট। ২০২৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতেও টুঙ্গিপাড়ায় আগের মতো রাজনৈতিক কিংবা ধর্মীয় আয়োজন দেখা যায়নি। সমাধিসৌধ কমপ্লেক্সের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছিল এবং জোরদার করা হয়েছিল নিরাপত্তা। প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যায়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ১৫ আগস্টের সকালে সমাধিসৌধ এলাকায় নেই আগের সেই জনসমাগম। নেই মিছিল, শোকের ব্যানার কিংবা রাজনৈতিক নেতাকর্মীদের সরব উপস্থিতি। মাঠপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেখা যায়নি। ফলে বঙ্গবন্ধুর জন্মভূমিতে তাঁর শাহাদাতবার্ষিকী এবার পার হচ্ছে অনেকটাই নীরবতায়।

এরই মধ্যে গত শুক্রবার (১৪ আগস্ট) থেকেই টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। শনিবার সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সমাধিসৌধ কমপ্লেক্সের আশপাশে বাড়ানো হয় নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলে নিরাপত্তার বিষয়টি ছিল স্পষ্ট।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল।

শনিবার বিকেল পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘিরে আগের বছরের কোলাহল ও আনুষ্ঠানিকতার বদলে এবার যে নীরবতা, সেটিই যেন সবচেয়ে বেশি চোখে পড়ছে।

এমএসএম / এমএসএম

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের

নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা

বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা

দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী