বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
একটি জরাজীর্ণ ঘর। বৃষ্টি নামলেই ঘরের ভেতর পড়ে পানি। নেই জমিজমা, নেই সচ্ছলতা। সংসারের খরচ চালাতে মাকে ভরসা করতে হয় একটি সেলাই মেশিনের ওপর। সেই ঘরেই বসে বড় স্বপ্ন দেখে শয়ন রাহা—একদিন সে ডাক্তার হবে।
কিন্তু শয়নের এই স্বপ্নের পেছনে আছে গভীর এক বেদনা। চিকিৎসার অভাবে বাবাকে হারানোর পর থেকেই তার মনে দৃঢ় হয়েছে, ‘আমি ডাক্তার হয়ে আর কোনো মানুষকে চিকিৎসার অভাবে মরতে দেব না।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দারিয়াড়কুল গ্রামের শয়ন এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন-৫) পেয়েছে। শুধু ভালো ফলই নয়, বালাডাঙ্গা এসএম মুসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বিদ্যালয়ে প্রথম হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার ফলাফলেও তার অবস্থান চতুর্থ।
শয়নের বাবা বিপুল রাহা ২০২৫ সালের অক্টোবরে স্ট্রোক করে মারা যান। বাবাকে হারানোর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে মা কমলা রাহার ওপর। সেলাই মেশিনে কাজ করে সামান্য আয় করেন তিনি। সেই আয়েই সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন।
মা-ছেলের থাকার ঘরটিও খুবই জরাজীর্ণ। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। অভাবের সংসারে কখনো কখনো প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। তবু দারিদ্র্য শয়নের পড়াশোনার পথে বাধা হতে পারেনি।
এসএসসিতে গোল্ডেন-৫ পাওয়ার পর এখন শয়নের সামনে নতুন পথ—কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া। এরপর মেডিকেলে পড়ার স্বপ্ন। কিন্তু সেই পথ কতটা কঠিন, তা জানে তার পরিবার।
কমলা রাহার সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ছেলের দীর্ঘ শিক্ষাজীবনের খরচ বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব। ফলে মেধা ও স্বপ্ন থাকা সত্ত্বেও অর্থের অভাবে শয়নের পড়াশোনা থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বালাডাঙ্গা এসএম মুসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মন্ডল বলেন, ‘শয়ন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার মতো একজন শিক্ষার্থীর স্বপ্ন অর্থের অভাবে থেমে যাওয়া উচিত নয়। তাকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সহযোগিতা প্রয়োজন।’
স্থানীয়দের প্রত্যাশা, শয়নের ফলাফল ও পারিবারিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনা করে সমাজের সামর্থ্যবান মানুষ, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠান তার পাশে দাঁড়াবে।
শয়নের চোখে এখনও বড় স্বপ্ন। বাবার ছবি দেখলে হয়তো কষ্ট হয়, কিন্তু সেই কষ্টই তাকে এগিয়ে যাওয়ার সাহস দেয়। তার কণ্ঠে একটাই প্রত্যয়—‘আমি ডাক্তার হতে চাই। মানুষের চিকিৎসা করতে চাই।’
অর্থের অভাবে যেন এই মেধাবী কিশোরের স্বপ্ন থেমে না যায়—এখন সেটিই তার পরিবারের পাশাপাশি এলাকাবাসীরও প্রত্যাশা। একটু সহযোগিতা হয়তো বদলে দিতে পারে শয়নের ভবিষ্যৎ; একদিন সেই শয়নই হয়তো চিকিৎসক হয়ে দাঁড়াবে অসহায় মানুষের পাশে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ