ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এমপির গাড়িবহরে হামলা

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ১:২১

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদির (৪২) এবং ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সাংবাদিক গোলাম মুক্তাদিরের পরিবারের দাবি, তিনি ঘটনার সময় সংবাদ সংগ্রহে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি হয়েছেন।

সোমবার সকালে গোলাম মুক্তাদিরের বাবা মোশাররফ হোসেন মুঠোফোনে বলেন, রোববার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁর ছেলেকে গ্রেপ্তার করে। তিনি দাবি করেন, ঘটনার সময় মুক্তাদির সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে ছিলেন। তিনি কোনো হামলা বা ভাঙচুরে জড়িত ছিলেন না। তাঁর ছেলের বিএনপিতেও পদ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তাঁর ছেলে ভাইয়ের ফোনে বার্তা দিয়েছিল, ডিবি পুলিশ তাকে নিয়ে যাচ্ছে।

একজন স্থানীয় সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার সময় গোলাম মুক্তাদির সংবাদ সংগ্রহে ছিলেন। উত্তেজিত জনতা সংসদ সদস্যের দিকে এগিয়ে গেলে তিনি তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর দাবি, মুক্তাদির হামলা বা ভাঙচুরে অংশ নিয়েছেন এমন কোনো ভিডিও ফুটেজ পুলিশের কাছে নেই।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে রায়গঞ্জের শিমলার খন্দকার এলাকায় অবৈধ বালু বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে মামলার বাদী বিএনপি নেতা শামীমুল হাসানের সঙ্গে গোলাম মুক্তাদিরের বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই তাঁকে মামলায় আসামি করা হতে পারে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় রায়গঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকেও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় রায়গঞ্জে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের বিষয়ে ধানগড়া বাজারে একটি জরুরি মতবিনিময় সভা হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় তিনি আহত না হলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস ফেসবুক আইডি থেকে লাইভে যুক্ত হয়ে সংসদ সদস্যের ওপর হামলার জন্য জামায়াত, শিবির ও এনসিপিকে দায়ী করেছিলেন।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি পৃথকভাবে নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়।

ঘটনার রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান খন্দকার বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। গোলাম মুক্তাদির মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার বাদী শামীমুল হাসান খন্দকার বলেন, বিএনপির নেতাদের পরামর্শে তিনি মামলার বাদী হয়েছেন।

গোলাম মুক্তাদিরের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, তখন অনেকেই সেখানে ছিলেন। তাঁরা যখন এমপির গাড়িতে ছিলেন, তখন কয়েকজন হামলা করেন। গোলাম মুক্তাদির তাঁদের রাজনৈতিক ছোট ভাই। তাঁদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।

অবৈধ বালুর সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে মামলায় আসামি করা হয়েছে—এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এটি মিথ্যা কথা। দলের নেতারা যাঁদের নাম দিতে বলেছেন, তাঁদের নাম দেওয়া হয়েছে। যারা দোষী, তাদের শাস্তি হোক। আর নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটাও তিনি চান।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, আসামিদের সোমবার বেলা ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে থানা পুলিশ এবং অন্যজনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

সাংবাদিকের পরিবারের ফাঁসানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ