রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের জগন্নাথপুর ও ঘুড়কা নতুন পাড়া এলাকায় দীর্ঘ ৪০ বছরের জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পানি নিষ্কাশনের পাইপলাইন স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা প্রায় ৫ হাজার বিঘা জমি আবারও চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে পানি নিষ্কাশনের পাইপলাইন উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। গ্রামবাসী ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর ও ঘুড়কা নতুন পাড়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকত। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার বিঘা জমি বছরের পর বছর অনাবাদি পড়ে ছিল। ফলে জমি থাকলেও কৃষকেরা নিয়মিত চাষাবাদ করতে পারতেন না। এতে এলাকার কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দুই এলাকার বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নেন। স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পানি নিষ্কাশনের পাইপলাইন স্থাপন করা হয়। প্রকল্পের অর্থের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
ঘুড়কা নতুন পাড়ার কৃষক তমেজ আলী ও রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জমিগুলো পানিতে ডুবে থাকায় চাষাবাদ করা সম্ভব হয়নি। গ্রামবাসী নিজেদের মধ্যে টাকা তুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এখন জমিগুলোতে আবার ফসল ফলানোর সুযোগ তৈরি হয়েছে।
জগন্নাথপুর এলাকার কৃষক আব্দুল মমিন, আমির হোসেন ও মনিরুজ্জামান বলেন, প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে জমিগুলো ঠিকমতো ব্যবহার করা যায়নি। গ্রামবাসী সবাই মিলে অর্থ দিয়ে কাজটি করেছেন। পানি নিষ্কাশন হলে এসব জমিতে নিয়মিত চাষাবাদ করা সম্ভব হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসী নিজেরাই যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। প্রায় ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় এলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করা হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ বিভাগের প্রকৌশলী আনন্দ বর্মন বলেন, পানি নিষ্কাশনের বিষয়টি বিবেচনায় নিয়ে কারিগরি দিক ঠিক রেখে পাইপলাইন স্থাপন করা হয়েছে। স্থানীয়দের অর্থায়ন ও অংশগ্রহণে কাজটি বাস্তবায়িত হয়েছে। সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা হলে এ ব্যবস্থা দীর্ঘদিন কার্যকর থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতা নিরসনের ফলে দীর্ঘদিন অনাবাদি থাকা জমিতে ধানসহ বিভিন্ন ধরনের ফসল চাষের সুযোগ তৈরি হবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষিনির্ভর পরিবারগুলোর আয়ও বাড়বে বলে তাঁরা আশা করছেন।
পাইপলাইন উদ্বোধন অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম খোকন, হযরত আলী, আব্দুল মমিন মাস্টার, মো. রহমতুল বারী লানা, আমির সোহেন, আব্দুল্লাহ হেল কাফি, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার