ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৫৪

শক্তিশালী ভূমিকম্পে বহুতল ভবন ধস, অগ্নিকাণ্ড, ব্যাপক হতাহত এবং প্রচলিত যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন—এমন একটি কল্পিত ভয়াবহ পরিস্থিতি তৈরি করে বিকল্প জরুরি যোগাযোগব্যবস্থার সক্ষমতা যাচাইয়ে ময়মনসিংহে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় দেখানো হয়েছে, মোবাইল নেটওয়ার্ক, টেলিফোন ও ইন্টারনেট অচল হয়ে পড়লেও কীভাবে রেডিও যোগাযোগের মাধ্যমে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম সচল রাখা সম্ভব।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের বাস্তবায়নে এ মহড়া অনুষ্ঠিত হয়। কারিগরি সহযোগিতা দেয় অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি মিডিয়া ব্রিফিংও অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বৃহত্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়ার কল্পিত দৃশ্যপটে ময়মনসিংহ শহরের উত্তর-পূর্বাঞ্চলের নিকটবর্তী এলাকায় ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কাল্পনিক গভীরতা ধরা হয় প্রায় ১৫ কিলোমিটার। এতে একটি বহুতল ভবন আংশিক ধসে পড়ে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কল্পিত পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচে ১৪০ জন আটকে পড়া এবং ৩৪০ জন আহত হওয়ার দৃশ্য তৈরি করা হয়। একই সঙ্গে ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মোবাইল ফোন, ইন্টারনেটসহ প্রচলিত যোগাযোগব্যবস্থা আংশিক বা সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম সমন্বয়ে HF, VHF ও UHF রেডিও এবং রিপিটার ব্যবহার করে বিকল্প যোগাযোগব্যবস্থা চালু করার দৃশ্য প্রদর্শন করা হয়। রেডিও যোগাযোগের মাধ্যমে ঘটনাস্থলের তথ্য নিয়ন্ত্রণকক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো এবং উদ্ধারকারী দলের মধ্যে সমন্বয়ের বিষয়টি তুলে ধরা হয়।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের মহড়া
মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের কার্যক্রম। ফায়ার সার্ভিসের সদস্যরা ধ্বংসস্তূপে প্রবেশ করে আটকে পড়াদের শনাক্ত, নিরাপদে বের করে আনা এবং আহতদের প্রাথমিক সহায়তা দেওয়ার কৌশল প্রদর্শন করেন।

ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ জুলহাস উদ্দিনের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের কর্মকর্তারাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন।

মহড়ায় দেখানো হয়, দুর্যোগের পর প্রচলিত যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে গেলেও রেডিওর মাধ্যমে ঘটনাস্থলের পরিস্থিতি, আটকে পড়া ও আহত ব্যক্তিদের তথ্য এবং প্রয়োজনীয় সহায়তার বার্তা দ্রুত সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বড় ধরনের ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। এতে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমের সমন্বয় মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে দুর্যোগ মোকাবিলায় বিকল্প ও টেকসই যোগাযোগব্যবস্থা গড়ে তোলা জরুরি।

অ্যামেচার রেডিওসহ বিকল্প যোগাযোগব্যবস্থার মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জরুরি বার্তা পৌঁছানো এবং বিভিন্ন উদ্ধারকারী ও প্রশাসনিক সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করার সক্ষমতা যাচাই করাই এ যোগাযোগ অনুশীলনের অন্যতম উদ্দেশ্য।

দেশের আট বিভাগে ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী ‘কমিউনিকেশন এক্সারসাইজ’ বা যোগাযোগ অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগের সময় মোবাইল ফোন, টেলিফোন ও ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়লে বিকল্প উপায়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জরুরি বার্তা পৌঁছানোর সক্ষমতা যাচাই এবং সংশ্লিষ্টদের প্রস্তুতি আরও জোরদার করাই এ অনুশীলনের লক্ষ্য।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মোঃ জানে আলম, বৃহত্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, অ্যামেচার রেডিও অপারেটর, আমন্ত্রিত অতিথি ও সুধীজন উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, মহড়ায় উপস্থাপিত ভূমিকম্পের মাত্রা, উৎপত্তিস্থল, গভীরতা, ক্ষয়ক্ষতি, হতাহত ও আটকে পড়া মানুষের সংখ্যা এবং অন্যান্য সব তথ্য সম্পূর্ণ কাল্পনিক Exercise Data। এসব তথ্য কোনো বাস্তব ভূমিকম্পের পূর্বাভাস নয়।

‘গতি, সেবা, ত্যাগ’-এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত মহড়ায় দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা, দ্রুত উদ্ধার তৎপরতা, আন্তঃসংস্থার সমন্বয় এবং বিকল্প যোগাযোগব্যবস্থার কার্যকারিতা তুলে ধরা হয়।

দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকা তুলে ধরে মহড়ায় বলা হয়—
“দুর্যোগে যে বাড়ায় হাত, সাহসেরই প্রদীপ জ্বেলে,
ফায়ার সার্ভিস দাঁড়িয়ে থাকে জীবন বাজি রেখে বলে।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত মহড়া ও যোগাযোগ অনুশীলনের মাধ্যমে বড় ধরনের দুর্যোগে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা, জরুরি তথ্য আদান-প্রদান এবং প্রচলিত যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হলেও বিকল্প মাধ্যমে কার্যক্রম সচল রাখার সক্ষমতা আরও জোরদার হবে।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ