নেত্রকোণার খালিয়াজুরীতে রাতের আঁধারে তিন ষাঁড় গরু চুরি
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের সূর্যাহাটি এলাকা থেকে রাতের আঁধারে তিনটি ষাঁড় গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. রুমান মিয়া।
রোববার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে বসতবাড়ির পাশে গরু রাখার চালা থেকে গরুগুলো চুরি হয়েছে বলে জানান রুমান মিয়া। তিনি কৃষক মনাই মিয়ার ছেলে।
রুমান মিয়া জানান, তাঁদের এলাকায় পাশাপাশি কয়েকজন কৃষকের গরুর চালায় প্রায় ২০ থেকে ৩০টি গরু বাঁধা ছিল। এর মধ্যে তাঁদের চালায় ছিল পাঁচটি গরু। রাতের কোনো একসময় সেখান থেকে তিনটি ষাঁড় গরু নিয়ে যায় চোরেরা। সকালে গোয়ালে গিয়ে তিনটি গরু দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন তারা।
রুমান মিয়ার দাবি, আশপাশে এতগুলো গরু থাকা সত্ত্বেও শুধু তাঁদের তিনটি ষাঁড় গরু চুরি হওয়ায় ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তাঁর ধারণা, বর্ষা মৌসুমে চারদিকে পানি থাকায় চোরেরা ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ব্যবহার করে গরুগুলো নিয়ে গেছে। গরু উদ্ধারে সকাল থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন বলেও জানান তিনি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. শাহালম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ঢাকায় অবস্থানের কথা জানিয়ে পরে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গরুগুলো বাড়ির পশ্চিম পাশে নদীর পাড়সংলগ্ন নিরিবিলি জায়গায় রাখা হয়েছিল, যেখানে মানুষের চলাচল কম। একজন কৃষকের কাছে গরু গুরুত্বপূর্ণ সম্পদ। তবে সুরক্ষিত স্থানে গরু রাখার দায়িত্বও কৃষকের।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁরা এখনো পাননি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, বিশাল হাওড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা কঠিন। হাওড় এলাকায় গরু চুরির প্রবণতা বেশি হওয়ায় স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করা প্রয়োজন। প্রতিটি এলাকায় থাকা গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে পাহারার ব্যবস্থা করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব।
তিনি বলেন, হাওড় এলাকার কৃষকদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ গরু। এভাবে গরু চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার খালিয়াজুরীতে রাতের আঁধারে তিন ষাঁড় গরু চুরি
ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর টঙ্গীর ড্রেন থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
ঝিনাইদহে সামারি ট্রায়ালে স্বামী-স্ত্রীসহ ৫ জনের সশ্রম কারাদণ্ড
হৃদরোগ বিষয়ে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন ডা. মহিউদ্দিন
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা
কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক
Link Copied