ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে মুচি সম্প্রদায়ের মাঝে মশারি বিতরণ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৩:১০

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দাউদকান্দি পৌরসভা। পৌরসভার উদ্যোগে বাজারের মুচি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দাউদকান্দি পৌর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাজারে কর্মরত মুচি সম্প্রদায়ের সদস্যদের হাতে একটি করে মশারি তুলে দেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম এবং স্যানিটারি ইন্সপেক্টর এম. কে. জামানসহ সংশ্লিষ্টরা।
পৌর প্রশাসক নাহিদ আহমেদ বলেন, গত বছর দাউদকান্দি পৌরসভার কয়েকটি এলাকা ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মশারি বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, শুধু মশারি বিতরণের মধ্যেই পৌরসভার কার্যক্রম সীমাবদ্ধ নেই। ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পৌর বাজারের মুচি সম্প্রদায়ের সদস্যরা দীর্ঘ সময় ধরে খোলা জায়গায় বা রাস্তার পাশে বসে কাজ করেন। ফলে মশার উপদ্রব থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পৌরসভার পক্ষ থেকে মশারি পেয়ে সুবিধাবঞ্চিত এসব মানুষের মধ্যে সন্তোষ দেখা যায়। তারা এ উদ্যোগকে স্বাগত জানান।
এর আগে গত ১৭ আগস্ট দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যেও মশারি বিতরণ করা হয়। ওই সময় পৌর প্রশাসক নাহিদ আহমেদ রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রত্যেক রোগীকে একটি করে মশারি দেওয়া হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে দাউদকান্দি পৌরসভা বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেছে। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার কামড় থেকে মানুষকে সুরক্ষিত রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাও সমান গুরুত্বপূর্ণ। তাই পৌরসভার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণে সচেতন হতে হবে।
দাউদকান্দিতে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

মনপুরার মেঘনায় ১৬ কেজির কোড়াল ২৪ হাজার টাকায় বিক্রি

স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

বরগুনায় ট্রলারডুবি ২২ ঘণ্টাপর ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত- ৮

মেহেরপুর জেলা বিএনপি 'র সঙ্গে কৃষক ঐক্য ফাউন্ডেশন নেতার সৌজন্য সাক্ষাৎ

মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন

টঙ্গী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ

রাজারহাট ইউনিয়নে ৭টি রাস্তা নির্মাণ প্রকল্প পরিদর্শন

নাগরপুরে নিখোঁজ কলেজছাত্রের মাটিচাপা লাশ উদ্ধার, মূল পরিকল্পনাকারী অনিক গ্রেফতার

ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

বিলাইছড়িতে চারা বিতরণ

বাউসা টাওরিপাড়ায় অসহায় বৃদ্ধ বাবাকে স্টেচার উপহার দিলেন শামীম সরকার

গাইড ওয়াল না থাকায় ভেঙে পড়ছে সড়কের পাড়, মরণফাঁদে কাজীর চর-মিতালী বাজার সড়ক

ধান মাড়াইকল তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন পত্নীতলার "চাচা-ভাতিজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ"