মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হেয়প্রতিপন্নের ষড়যন্ত্রের অভিযোগ
ভোলার মনপুরায় অনিয়ম, দুর্নীতি, জনভোগান্তি ও অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশ করায় একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক মো. মেহেদী হাসান। সম্প্রতি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ও অপপ্রচার চালানোরও অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার বিকেলে এ অভিযোগ করেন দৈনিক সকালের সময় এর মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মনপুরায় কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সাংবাদিক মেহেদী হাসান বলেন, গত চার বছর ধরে মনপুরায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কাজ করে পেশাগত দায়িত্ব পালন করছেন তিনি। এ সময়ে উপজেলার মানুষের দুঃখ-দুর্দশা, অনিয়ম, দুর্নীতি, জনভোগান্তি ও বিভিন্ন অসঙ্গতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছেন।
তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ৩১ আগস্ট সরকারি খাল খনন করে লাইসেন্সবিহীন কোপা ড্রেজারের মাধ্যমে এমআরএসআর ব্রিকস ফিল্ডে মাটি নেওয়া এবং অবৈধভাবে পরিচালিত ব্রিকস ফিল্ডের মালামাল বহনকারী যানবাহন চলাচলের কারণে স্থানীয় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন তিনি।
এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ নিয়েও একাধিক সংবাদ প্রকাশ করেন বলে জানান তিনি।
মেহেদী হাসানের অভিযোগ, এসব সংবাদ প্রকাশের পর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। সম্প্রতি তার ছবি ব্যবহার করেও সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এমআরএসআর ব্রিকস ফিল্ডের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির মালিকপক্ষ, ম্যানেজার এবং মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর রোকন মো. মাকসুদুর রহমানের পক্ষ থেকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে হেয়প্রতিপন্নের চেষ্টা করা হচ্ছে।
মেহেদী হাসান বলেন, হ্যানিট্রিপের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্থানীয় জনগণের স্বাক্ষরসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। পরে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্রিকস ফিল্ডের ম্যানেজারকে হাতেনাতে আটকের ঘটনার পর তার বিরুদ্ধে অপপ্রচার আরও বেড়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, ‘‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, বরং জনস্বার্থ ও পেশাগত দায়িত্ববোধ থেকেই আমি সংবাদ প্রকাশ করেছি। বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও আমি একইভাবে পেশাগত দায়িত্ব পালন করে সংবাদ প্রকাশ করেছি।’’
সাংবাদিক মেহেদী হাসান আরও অভিযোগ করেন, শুধু সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নয়, ১৫ আগস্ট মনপুরার বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলীতে সংবাদ সংগ্রহের সময়ও তিনি ও সহকর্মী সাংবাদিকরা হামলার শিকার হন।
তার ভাষ্য অনুযায়ী, ওইদিন কলাতলী ইউনিয়নে বিএনপির প্রভাব দেখিয়ে শাহেদ, খালেক ও হানিফ নামের তিন ব্যক্তির বিরুদ্ধে ভূমিহীন ও অসহায় মানুষের প্রায় ১০০ একর জমির চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করে মহিষপালকদের কাছে ঘাস বিক্রির মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দৈনিক সকালের সময়ের মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান, আরটিভির উপজেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ সৈকত ও দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি মো. আ. রহমান শোয়েব।
সাংবাদিকরা ভুক্তভোগীদের বক্তব্য ও ভক্সপপ সংগ্রহের পর অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে শাহেদ, হানিফ ও খালেকের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মেহেদী হাসান। এ সময় সাংবাদিকরা আহত হন এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর রোকন ও এমআরএসআর ব্রিকস ফিল্ডের মালিক মাকসুদ আলমকে দিয়ে সাংবাদিক মেহেদী হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করে মানহানি করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে সাংবাদিক মেহেদী হাসানকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয়প্রতিপন্ন এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মনপুরা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত সাংবাদিকরা। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের কারাদণ্ড
রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
তারাগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বাকেরগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২০ বছর ধরে অকেজো সুইচ গেইট
বাবুগঞ্জে স্কুলের ডিজিটাল ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি, ১০ দিনেও উদ্ধার হয়নি। সন্দেহের তীর নৈশ প্রহরীর দিকে
বড়লেখায় অশ্রু সিক্ত জলে অবসরে গেলেন শিপ্রা রানী সেন
বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদ্বোধন
কসমেটিকস বিক্রিতে অনিয়ম, যোগ্যতা ছাড়াই ত্বক নিয়ে পরামর্শ : জরিমানা ৫০ হাজার
পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা