ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

টাকা তোলার আবেদন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ২:৫৩

দীর্ঘদিন আটকে থাকা আমানতের মূল টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের ভিড় বেড়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। 

রাজধানীর মতিঝিল ও দিলকুশায় ব্যাংকের কয়েকটি শাখা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের আমানতের মূল অর্থ এককালীন ফেরত দেওয়া হবে। ফলে নিজেদের জমানো টাকা তুলতে সকাল থেকেই অনেক গ্রাহক শাখায় গিয়ে আবেদন করছেন। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংক- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক-একীভূত করে। এসব ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন।

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি আমানতকারীদের জন্য টাকা তোলার সুযোগ দেওয়ায় সোমবার থেকে শাখাগুলোতে আবারও গ্রাহকদের আনাগোনা বেড়েছে। 

বেলা ১১টায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় গিয়ে দেখা গেছে, সকাল থেকেই টাকা তুলতে আবেদন জমা দেওয়ার ব্যাপক ভিড় ছিল। অনেক গ্রাহক বিনা সুদে পুরো আমানত তুলে নেওয়ার আবেদন জমা দিচ্ছেন। আবার অনেক গ্রাহক ব্যাংকের উপর আস্থা রেখে মুনাফা তুলে নিতে ব্যাংকে ভিড় করছেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের বুঝয় তাদের উপর আস্থা রাখতে অনুরোধ করছেন। তা সত্ত্বেও কেউ সব টাকা তুলে নিতে আবেদন করতে চাইলে তার আবেদন গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার একজন গ্রাহক বলেন, আমার ১৯ লাখ টাকা এফডিআর করা এই শাখায়। দুই বছর ধরে টাকা পাওয়ার জন্য ব্যাংকে ঘুরছি। দুই-এক বার সামান্য মুনাফা দিলেও পরে আর তাও পাইনি। এখন সরকার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে শুনেছি, সেজন্য এসেছি। আমি সব টাকা তুলে নেওয়া আবেদন জমা দিয়েছি। তারা (কর্তৃপক্ষ) ৭ তারিখের পর টাকা বুঝিয়ে দেবে বলে জানিয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অফিস প্রতিনিধি শাফায়েত আহমেদ চৌধুরী বলেন, সঞ্চয়, এসএমডি এবং মুদারাবা মেয়াদি আমানত ছাড়া বাকি তিনটি খাত আমরা এরইমধ্যে ওপেন করে দিয়েছি। যার যে পরিমাণ টাকা প্রয়োজন, সে অনুযায়ী আমরা রিকোয়ারমেন্ট নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ৭ তারিখের পর থেকে পেমেন্ট শুরু হবে।

তিনি বলেন, এফডিআরের ক্ষেত্রে কারও যদি খুব জরুরি প্রয়োজন থাকে এবং এখনই টাকা তুলতে হয়, সেক্ষেত্রেও সরকার আমাদের অনুমতি দিয়েছে। কেউ যদি জমে থাকা ইন্টারেস্ট না নিয়ে শুধু মূল টাকা (প্রিন্সিপাল) নিতে চান, সেটিও তিনি নিতে পারবেন। অর্থাৎ, জরুরি প্রয়োজন হলে মূল টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

তিনি আরো বলেন, এটি যেহেতু সরকারি ব্যাংক এবং বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংক, তাই আমি সবাইকে অনুরোধ করব, আস্থা রাখুন। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের এখানে দক্ষ জনবল রয়েছে এবং আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

দুপুর ১২টার দিকে ইউনিয়ন ব্যাংকের দিলকুশা শাখায় গিয়ে তুলনামূলক কিছুটা কম ভিড় দেখা গেছে। তবে, এই শাখাতেও গ্রাহকদের সবগুলো আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে কেউ আমানতের পুরো অর্থ তুলে নেওয়ার আবেদন জমা দেয়নি বলে জানা গেছে।

এই শাখার ম্যানেজার মোস্তফা জাভেদ বিন শহীদ বলেন, ‘কারেন্ট অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবেন। এজন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করা হচ্ছে। একইভাবে, কোনো গ্রাহক যদি সম্পূর্ণভাবে ব্যাংক থেকে এক্সিট করতে চান, সেক্ষেত্রেও তার আবেদন গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। কোনো গ্রাহকই ব্যাংক থেকে এক্সিট করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেননি। বরং তারা আমাদের ওপর আস্থা রাখছেন এবং বিশ্বাস করছেন, প্রয়োজন অনুযায়ী আমরা তাদের টাকা দিতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে নিয়ম অনুযায়ী টাকা উত্তোলনের ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, এতে কোনো সমস্যা হবে না।’

আগামী কয়েক দিনে গ্রাহকদের ভিড় ও আবেদনের সংখ্যা আরও বাড়লে ব্যাংকের ওপর টাকা পরিশোধের চাপ তৈরি হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আজ যেসব আবেদন গ্রহণ করছি, সেগুলো দিন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাব। সেই অনুযায়ী আমাদের টাকা পাঠানো হবে এবং আমরা ধাপে ধাপে গ্রাহকদের পরিশোধ করব। আজ যারা আবেদন করছেন, তাদের আবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে টাকা দেওয়া হবে। পরবর্তী দিন যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে ওই দিন থেকে ১০ কর্মদিবসের সময়সীমা ধরা হবে। একইভাবে পরের দিন যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রেও আবেদন করার দিন থেকে ১০ কর্মদিবসের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিংবা ইউনিয়ন ব্যাংকেই নয়, বরং সকাল থেকে পাঁচ ব্যাংকের প্রত্যেকটিতেই টাকা তুলে নিতে অথবা মুনাফার অংশ বুঝে নিতে ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। মতিঝিল ও দিলকুশার প্রায় এক ডজন ব্যাংক ব্যাংকের শাখা অফিস ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী মূল টাকা তুলতে পারবেন। তবে এ সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট শাখায় ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে গ্রাহকের হিসাবে কত টাকা রয়েছে, কত টাকা তুলতে চান এবং টাকা তোলার প্রয়োজনের বিষয় উল্লেখ করতে বলা হয়েছে। আবেদন যাচাইয়ের পর ৭ সেপ্টেম্বর থেকে টাকা পরিশোধ শুরু হবে।

তবে টাকা তুললে আমানতের ওপর প্রাপ্য মুনাফা এই সুবিধার আওতায় পাওয়া যাবে না। মূল টাকা উত্তোলনের সুবিধা গ্রহণ করলে সেটিকে সংশ্লিষ্ট আমানতকারীর জন্য পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। একইসঙ্গে হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

অন্যদিকে, যারা এখনই টাকা তুলবেন না এবং হিসাব চালু রাখবেন, তাদের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। মেয়াদি আমানত মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা দেওয়া হবে না। কেউ মেয়াদি আমানতের পুরোটা না তুলে আংশিক অর্থ উত্তোলন করলে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। 

এমএসএম / এমএসএম

টাকা তোলার আবেদন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার