খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়কটি নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন আসিক ইকবাল চৌধূরী শাকিল। এতে সড়কটি দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, অটোচালক ও বাজারে আসা সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষ্ণপুর বাজার থেকে কল্যাণপুর বাজারে প্রবেশের মুখে থাকা সড়কটির একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। কুতুবপুর, শ্যামপুর, কৃষ্ণনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষও এ সড়কটি নিয়মিত ব্যবহার করেন। বর্ষা মৌসুমে সড়কটির ওই অংশে পানি ও কাদা জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়দের অভিযোগ, কাদাযুক্ত ও পিচ্ছিল সড়ক দিয়ে চলাচলের সময় অনেকের কাপড়চোপড় নষ্ট হওয়ার পাশাপাশি শিশু ও বয়স্কদের পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। অটোচালকরাও বাজারে প্রবেশ ও বের হওয়ার সময় নানা সমস্যায় পড়তেন।
সম্প্রতি উপজেলা নির্বাচনী প্রচারণার সময় কল্যাণপুর বাজারে গিয়ে সড়কটির এমন দুরবস্থা দেখতে পান আসিক ইকবাল চৌধূরী শাকিল। পরে তিনি স্থানীয় বাজার কমিটি ও বাসিন্দাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তাঁদের দুর্ভোগের কথা শোনেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের প্রয়োজন থাকলেও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। বিভিন্ন সময়ে সরকারি বরাদ্দ ও প্রকল্পের কথা শোনা গেলেও কাজ বাস্তবায়ন না হওয়ায় সমস্যাটি থেকেই যায়।
স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে শাকিল নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নিজ অর্থায়নে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করেন। স্থানীয় ইউপি সদস্যের ভাষ্য অনুযায়ী, মাত্র ২-৩ দিনের মধ্যেই কাজটি শেষ করা হয়।
কল্যাণপুর বাজার কমিটির সভাপতি মো. বাশার মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে বাজারে প্রবেশের এই জায়গাটিতে কাদার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষার সময় চলাচল করা খুব কঠিন হয়ে পড়ত। বর্ষা ছাড়াও রাস্তাটিতে কাদা-পানি জমে থাকত। এই অবস্থা দেখে শাকিল ভাই নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। এতে আমরা স্বস্তি পেয়েছি।”
কল্যাণপুরের বাসিন্দা ও অটোচালক মো. আমির আলী বলেন, “অনেকদিন ধরেই রাস্তাটির এই অংশটি খারাপ ছিল। বৃষ্টি হলে কাদায় হাঁটা যেত না। ছেলে-মেয়েদের চলাচলেও সমস্যা হতো। অটো নিয়েও বাজারে প্রবেশ করা কঠিন ছিল। শাকিল ভাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় এখন অটোচালকসহ এলাকার সাধারণ মানুষের চলাচলে অনেক সুবিধা হয়েছে।”
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কল্যাণপুর বাজারের প্রবেশমুখের রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ায় শাকিল চৌধূরীর প্রশংসা করছি। কাজটিও ভালো হয়েছে।”
তিনি আরও বলেন, “আগের সরকারের শেষ সময়ে রাস্তাটির জন্য এডিপি থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল বলে শুনেছি। পরে সরকার পরিবর্তনের কারণে কাজটি সম্পন্ন হয়নি। এরপর স্থানীয় এক বিএনপি নেতা ওই বরাদ্দের টাকা দিয়ে দায়সারাভাবে কাজ করেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ ছিল। কিন্তু মাত্র ১৫ দিনের মধ্যেই সেই কাজ নষ্ট হয়ে যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
আসিক ইকবাল চৌধূরী শাকিল বলেন, “কল্যাণপুর বাজারে এসে রাস্তাটির দুরবস্থা দেখে আমার খারাপ লেগেছিল। স্থানীয় মানুষের কাছে জানতে চেয়েছিলাম, তাঁরা দীর্ঘদিন ধরে কী ধরনের সমস্যায় আছেন। তাঁদের দুর্ভোগের কথা শুনে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সম্ভব হলে নিজ উদ্যোগেই রাস্তাটি সংস্কার করব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজটি করেছি। মানুষের সামান্য উপকারে আসতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।”
তিনি আরও বলেন, “এটি কোনো রাজনৈতিক প্রচারণার বিষয় নয়। এলাকার মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই কাজটি করা হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”
কৃষ্ণপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “রাস্তাটির সমস্যা
স্থানীয়দের দীর্ঘদিনের। আমি মেম্বার হয়েও আর্থিক সঙ্গতির অভাবে কাজটি করে দিতে পারিনি। শাকিল ভাই নির্বাচনী প্রচারণায় এসে রাস্তাটির দুরবস্থা দেখে সংস্কার করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে আমার ও বাজার কমিটির মতামতের ভিত্তিতে বাজেট করে নিজ অর্থায়নে ২-৩ দিনের মধ্যেই কাজটি করে দিয়েছেন। এতে বাজার কমিটি, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সবাই খুশি।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার হওয়ায় আপাতত মানুষের চলাচলে সুবিধা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে সড়কটির স্থায়ী উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা নেওয়া দরকার।”
স্থানীয়রা জানান, কল্যাণপুর বাজারে প্রতিদিন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ কেনাকাটা ও বিভিন্ন প্রয়োজনে আসেন। বাজারের প্রবেশমুখের সড়কটি সংস্কার হওয়ায় বর্তমানে তাঁদের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে ভবিষ্যতে সড়কটির স্থায়ী ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা।
এমএসএম / এমএসএম
শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩
শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল