ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ১:৫২

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে জরুরি প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র প্রধান মাধ্যম নৌপথ। আর নৌপথে যাতায়াতের জন্য উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি লঞ্চঘাট হলো রামনেওয়াজ লঞ্চঘাট, হাজীরহাট লঞ্চঘাট ও জনতা লঞ্চঘাট। এর মধ্যে তুলনামূলক সহজ ও কম সময়ে চরফ্যাশনসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম জনতা লঞ্চঘাট।

জনতা লঞ্চঘাট দিয়ে মনপুরা থেকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে প্রতিদিন চারবার যাতায়াত করে দুটি লঞ্চ ও অসংখ্য স্পিডবোট। ফলে জরুরি প্রয়োজনে দ্রুত উপজেলা থেকে বাইরে যেতে হলে স্থানীয়দের কাছে জনতা লঞ্চঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে এই গুরুত্বপূর্ণ ঘাটে পৌঁছানোর অন্যতম প্রধান সড়ক সিরাজগঞ্জ বাজার থেকে জনতা বাজার পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার সড়কটি এখন বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন জরুরি রোগী ও তাদের স্বজনরা। কোনো রোগীকে দ্রুত চিকিৎসার জন্য চরফ্যাশন কিংবা ভোলাসহ দেশের অন্য কোথাও নিতে হলে প্রথমে এই সড়ক পাড়ি দিয়ে জনতা ঘাটে পৌঁছাতে হয়। অথচ ভাঙাচোরা সড়কের কারণে সময়মতো ঘাটে পৌঁছানো নিয়েই তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

স্থানীয়দের ভাষ্য, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হওয়ায় মনপুরার মানুষের জন্য প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। অথচ নৌপথে দ্রুত যাতায়াতের সুযোগ থাকলেও ঘাটে যাওয়ার সংযোগ সড়কের বেহাল দশা সেই সুবিধাকে অনেকটাই বাধাগ্রস্ত করছে।

এলাকাবাসীর দাবি, শুধু একটি সড়কের দুরবস্থা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মনপুরার প্রায় দেড় লাখ মানুষের যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার বিষয়টি। তাই বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব দৈনিক সকালের সময়'কে বলেন,রাস্তাটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত হয়েছি। আমরা দ্রুত সরেজমিনে গিয়ে রাস্তাটি পরিদর্শন করব এবং সেখানে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব।

তবে স্থানীয়দের প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে আর কতদিন অপেক্ষা করতে হবে? প্রতিদিনের জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ চান তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে সড়কটির বর্তমান অবস্থা নিরূপণ এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা করবে। এতে শুধু জনদুর্ভোগই কমবে না, জরুরি রোগী পরিবহনসহ মনপুরার মানুষের নৌপথে দ্রুত যাতায়াতও আরও সহজ ও নিরাপদ হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল