ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৪:১২

গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কার্যক্রমে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে গুগলের বিশাল বিজ্ঞাপন ব্যবসা বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। প্রতিযোগীদের জন্য বাজারে আরও সুযোগ তৈরি হয় এমনভাবে ব্যবসা পরিচালনার নিয়ম বদলাতে হবে প্রতিষ্ঠানটিকে।

বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক লিওনি এম. ব্রিংকেমা এই নির্দেশ দেন। গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের করা মামলায় এ সিদ্ধান্ত এসেছে।

অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগে কয়েক বছর ধরে গুগলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছে মার্কিন বিচার বিভাগ। এ নিয়ে দুটি মামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে করা একটি মামলায় গুগলের অনলাইন অনুসন্ধান ব্যবসা নিয়ে অভিযোগ তোলা হয়। আর ২০২৩ সালে করা অন্য মামলাটি সরাসরি গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসাকে লক্ষ্য করে।

দুই মামলাতেই সরকারের অভিযোগ, অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগল বেআইনিভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ২০২৪ সালে একটি আদালত রায়ে গুগলের অনুসন্ধান ব্যবসাকে বেআইনি একচেটিয়া ব্যবসা হিসেবে উল্লেখ করেন। এর আওতায় অনুসন্ধানভিত্তিক বিজ্ঞাপন ব্যবসার কথাও আসে। আদালত বলেন, গুগল তার একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে অনুসন্ধান ও অনুসন্ধান বিজ্ঞাপনের বাজারে নিজেদের আধিপত্য ধরে রেখেছে।

এরপর গুগলের ব্যবসা পুনর্গঠনের জন্য বেশ কিছু প্রস্তাব দেয় মার্কিন বিচার বিভাগ। এর মধ্যে গুগলের ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড পরিচালন ব্যবস্থা আলাদা করে দেওয়ার প্রস্তাবও ছিল।

তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচারক অমিত মেহতা এসব প্রস্তাব নাকচ করেন। ফলে গুগল ক্রোম ও অ্যান্ড্রয়েড নিজেদের অধীনেই রাখতে পারে। তবে অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এমন একচেটিয়া চুক্তি করা যাবে না, যার মাধ্যমে গুগলের অনুসন্ধান সেবা বিভিন্ন যন্ত্রে পূর্বনির্ধারিত অনুসন্ধান সেবা হিসেবে রাখা হয়। একই সঙ্গে প্রতিযোগীদের সঙ্গে নির্দিষ্ট কিছু অনুসন্ধান তথ্য ভাগ করার নির্দেশও দেওয়া হয়।

এবার গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা নিয়েও অনেকটা একই ধরনের নির্দেশ এলো। বিচারক ব্রিংকেমা বলেছেন, গুগলকে তার বিজ্ঞাপন ব্যবসা বিক্রি করে দিতে হবে না। তবে প্রতিযোগীদের জন্য সুযোগ বাড়াতে ব্যবসার নিয়ম ও কার্যক্রমে পরিবর্তন আনতে হবে।

আদালতের পূর্ণ লিখিত রায় এখনো প্রকাশ করা হয়নি। আগামী ১৪ দিন রায়টি গোপন রাখা হবে। এ সময়ে মামলার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো প্রয়োজনীয় গোপনীয় তথ্য বাদ দেওয়ার কাজ করবে। এরপর বিস্তারিত নির্দেশ প্রকাশ করা হবে।

গুগল অবশ্য আদালতের এই সিদ্ধান্তকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রকবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহল্যান্ড বলেন, ছোট ব্যবসাগুলোকে নতুন গ্রাহকের কাছে পৌঁছাতে সহায়তা করে এমন প্রযুক্তি ভেঙে দেওয়ার সরকারের প্রস্তাব আদালত প্রত্যাখ্যান করায় তারা সন্তুষ্ট।

অনলাইন বিজ্ঞাপনের বাজার বেশ জটিল। এই বাজারে গুগলের প্রভাব তৈরির পেছনে প্রতিষ্ঠানটির অনুসন্ধান সেবার জনপ্রিয়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মার্কিন সরকারের অভিযোগ, বিভিন্ন যন্ত্র নির্মাতার সঙ্গে একচেটিয়া চুক্তি করেছিল গুগল। এসব চুক্তির কারণে বিপুলসংখ্যক মুঠোফোনে গুগলের অনুসন্ধান সেবা পূর্বনির্ধারিত হিসেবে রাখা হতো।

এ ছাড়া মুঠোফোন অপারেটরদের সঙ্গেও আয় ভাগাভাগির চুক্তি ছিল গুগলের। এসব চুক্তির আওতায় গুগলের অনুসন্ধান সেবা পূর্বনির্ধারিত হিসেবে রাখার বিনিময়ে অপারেটররা বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের একটি অংশ পেত।

মার্কিন সরকারের দাবি, এ ধরনের চুক্তির মাধ্যমে গুগল তার অনুসন্ধান ও বিজ্ঞাপন ব্যবসার আধিপত্য আরও শক্তিশালী করেছে।

aliul / aliul

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?