এমপির গাড়িবহরেও হামলা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চুরি, লুট, হামলা ও নির্যাতনের একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি সেচ মটরের ট্রান্সফরমার, একটি মোটরসাইকেল ও চারটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত কয়েক সপ্তাহে বসতবাড়িতে লুট, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা, চোর সন্দেহে দুই ব্যক্তিকে নির্যাতন এবং সংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রেজা হোসেন, কুরচা গ্রামের রাজিব হোসেন এবং বিনোদবাড়ি গ্রামের আক্তার হোসেনের সেচ মটরের ট্রান্সফরমার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রায়গঞ্জ পৌরসভার মহেশপুর এলাকায় জালালের প্রসেস মিলসংলগ্ন মসজিদের সামনে থেকে মসজিদ কমিটির সভাপতি মো. রুবেল হোসেনের মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
একই রাতে রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চকমোহনবাড়ি গ্রামে আব্দুল হান্নান খানের গোয়ালঘরের তালা ও শিকল কেটে চারটি গরু চুরি করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
আব্দুল হান্নান খান (৬০) জানান, রাত ২টার দিকে গোয়ালঘর তালাবদ্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের সময় গোয়ালঘরে গিয়ে শিকল কাটা ও দরজা খোলা দেখতে পান। পরে চারটি গরু পাওয়া যায়নি। তাঁর দাবি, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এর আগে গত ১ সেপ্টেম্বর উপজেলার বন্ধিহার গ্রামে পাওনা ৭০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবকসহ তাঁর পরিবারের চার সদস্যকে মারধর, আটকে রাখা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মো. মামুন হাসান (২৩) পাঁচজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে মামুন হাসান বলেন, তিনি মাসুদ রানার বাড়িতে কাজ করতেন। ওই কাজের ৭০০ টাকা তাঁর পাওনা ছিল। টাকা চাইতে গেলে তাঁকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে মাসুদ রানা বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন।
গত ২৪ আগস্ট গভীর রাতে রায়গঞ্জে একটি বসতঘরে ঢুকে ২২ দিনের শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, শিশুটির মাকে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা, পেটে আঘাত এবং চেতনানাশক জাতীয় পদার্থ ছিটিয়ে অচেতন করা হয়। ঘটনার এক সপ্তাহের বেশি সময় পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছে পরিবারটি।
এর আগে গত ২৬ জুলাই রায়গঞ্জে চোর সন্দেহে দুই ব্যক্তিকে গাছ ও ঘরের সিলিংয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এ ছাড়া গত আগস্ট মাসে ধানগড়া বাজার এলাকায় টিটিসি স্থাপনকে কেন্দ্র করে বিরোধের জেরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা ও কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, অল্প সময়ের ব্যবধানে চুরি, লুট, হামলা ও নির্যাতনের একাধিক ঘটনায় তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ধামাইনগর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ‘রাতে সেচ মটর ও ট্রান্সফরমার নিয়ে ভয় লাগে। এখন গরু ও ঘরবাড়ি নিয়েও নিরাপদ বোধ করছি না।’
ব্রহ্মগাছা ইউনিয়নের এক বাসিন্দার ভাষ্য, ‘গোয়ালঘর ভেঙে গরু নিয়ে যাচ্ছে। আবার চোর সন্দেহে মানুষকে ধরে মারধর করা হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।’
স্থানীয়দের দাবি, রাতের বেলায় পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে চুরি, লুট ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সর্বশেষ চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার, একটি মোটরসাইকেল ও চারটি গরুর ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন