ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর, অসহায়ের পাশে মানবিক, দীঘিনালার ওসি ইকবাল বাহার চৌধুরী; পেয়েছেন জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা


মো: তোফায়েল আহমেদ photo মো: তোফায়েল আহমেদ
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ১১:১৮

মাদকের বিস্তার ও অপরাধপ্রবণতা যখন তরুণ সমাজকে ক্রমেই বিপথগামী করছে, তখন অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি দুস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

দীঘিনালা থানায় যোগদানের পর থেকেই মাদকবিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন ওসি ইকবাল বাহার চৌধুরী। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তার নেতৃত্বে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক উদ্যোগও নেওয়া হচ্ছে।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে গত ২৭ জুলাই ওসি ইকবাল বাহার চৌধুরীকে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার তার হাতে এ সম্মাননা তুলে দেন।

তবে আইন প্রয়োগের কঠোরতার বাইরেও তার আরেকটি পরিচয় সামনে এসেছে, মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে। অসহায় মানুষের দুর্দশার খবর পেলে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

সম্প্রতি ঘরহীন ৭৫ বছর বয়সী বৃদ্ধা জহুরা বেগমের অসহায়ত্বের কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান ওসি ইকবাল বাহার চৌধুরী। খাবারের ব্যবস্থা করার পাশাপাশি বৃষ্টির সময় এবং মশার উপদ্রব থেকে রক্ষার জন্য তাকে মশারি দেওয়ার উদ্যোগ নেন তিনি।

জহুরা বেগম বলেন, “আমার পৃথিবীতে কেউ বেঁচে নেই। আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না। পুলিশ আমাকে খাবার দিয়েছে। মশা কামড়াবে দেখে মশারি এনে দিয়েছে। এতে আমি অনেক উপকার পেয়েছি।

অন্যদিকে, মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ এক মায়ের অভিযোগ পাওয়ার পরও মানবিকভাবে বিষয়টি দেখেন ওসি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী জানান, তার ছেলে মাদকাসক্ত হয়ে প্রায়ই ঘরবাড়ি ভাঙচুর করতেন এবং স্ত্রীকে মারধর করতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তিনি থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ওই যুবককে থানায় এনে মাদক থেকে দূরে থাকার বিষয়ে বোঝানো ও সতর্ক করা হয়।

ওই নারী বলেন, এরপর থেকে সে আগের মতো ঝামেলা করে না। শুনেছি দীঘিনালার কোনো কোনো মাদক কারবারি এখন আর এলাকায় থাকতে পারে না। ছেলেপেলেরা নেশার জিনিস না পেলে নেশা করবে না, ভালোভাবে চলবে, এমনটাই আমরা চাই।
মানবিকতার আরেকটি উদাহরণ তৈরি হয়েছে বিরল রোগে আক্রান্ত দেড় বছর বয়সী শিশু সামিয়ার চিকিৎসায় সহযোগিতার মধ্য দিয়ে। শিশুটির পরিবার অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছিল না।
 

বিষয়টি জানতে পেরে সাংবাদিকের মাধ্যমে ওসির কাছে গেলে তিনি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সামিয়ার মা বলেন, “আমার মেয়েটা অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। লজ্জায় কারও কাছে চাইতেও পারিনি। পরে ওসি স্যারের কাছে গেলে তিনি সহযোগিতা করেন এবং মেয়েকে চিকিৎসা করাতে বলেন। আরও প্রয়োজন হলে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।

দৈনিক সকালের সময়কে দেওয়া বক্তব্যে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, মানুষের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। বিপদে মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নৈতিক দায়িত্বেরও অংশ।

তিনি বলেন, “পুলিশরাও মানুষ। মানুষের কষ্ট দেখলে আমাদেরও মন কাঁদে। একজন অসহায় মানুষ যখন বিপদে পড়েন, তখন তার পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আমি বড় কিছু করছি বলে মনে করি না। একজন মানুষ হিসেবে এবং একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করি। কাজের ফাঁকে যখনই সুযোগ পাই, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসা ও দোয়া একজন পুলিশ কর্মকর্তার জন্য অনেক বড় পাওয়া। দায়িত্ব পালনের পাশাপাশি যদি কোনো মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, কোনো অসহায় পরিবারকে সামান্য স্বস্তি দিতে পারি, তাহলেই মনে করি আমার দায়িত্ব পালনের সার্থকতা আছে।

মাদকের বিরুদ্ধে অবস্থান প্রসঙ্গে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, “মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি একটি প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দীঘিনালায় কোনো মাদক কারবারি কিংবা মাদকসেবীকে অবাধে মাদক কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, “শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কোথাও মাদক কেনাবেচা বা সেবনের তথ্য থাকলে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য, পুলিশের দায়িত্ব শুধু অপরাধী আটক বা মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদে তাদের পাশে দাঁড়ানোও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ। দীঘিনালায় ওসি ইকবাল বাহার চৌধুরীর কর্মকাণ্ডে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়ছে বলে মনে করছেন তারা।

একদিকে মাদক ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, অন্যদিকে অসহায় বৃদ্ধা, বিপদগ্রস্ত পরিবার ও অসুস্থ শিশুর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, দুটি ভিন্ন ভূমিকায়ই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন দীঘিনালা থানার এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের প্রত্যাশা, অপরাধ দমনে পুলিশের কঠোরতা যেমন অব্যাহত থাকবে, তেমনি মানুষের বিপদে পুলিশের মানবিক ভূমিকাও আরও বিস্তৃত হবে। আর সেই পথেই দীঘিনালায় ওসি ইকবাল বাহার চৌধুরীর কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ-জনগণের সম্পর্ককে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।

আবিদ রহমান / আবিদ রহমান

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে ট্রান্সফরমার চুরি তীব্র গরমে শতাধিক শিশু

যশোর জেনারেল হাসপাতালে ৫ হাজার কেফুক্লেভের হিসাব নেই

প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে বোমা হামলা ভিডিও ফুটেজে শনাক্ত শয়ন আটক

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও মাসুদুর রহমানের মতবিনিময়

বলদিয়া ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

মাদকের বিরুদ্ধে কঠোর, অসহায়ের পাশে মানবিক, দীঘিনালার ওসি ইকবাল বাহার চৌধুরী; পেয়েছেন জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা

২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, কাস্টমসের সংবাদ সম্মেলন

জমির নামজারি সংক্রান্ত বিষয় প্রশ্ন করায় সাংবাদিক সাজুর বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক বিরোধী’ অভিযান

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪